বাঞ্ছারামপুরে ডিলার গ্রেপ্তার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চাল আত্মসাতের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মো. ফারুক মিয়ার ডিলারশিপ বাতিল ও তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একই অপরাধে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে দুদক।

চাল আত্মসাতের বিষয়ে গত ১০ অক্টোবর ইউএনও ও দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ দেন উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকার দুস্থ ব্যক্তিরা।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর উপজেলার ১৩টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে দুস্থ ব্যক্তিদের কাছে চাল বিক্রি করতে ২৪ জন ডিলার নিয়োগ দেন ইউএনও মোহাম্মদ শওকত ওসমান। এ সময় দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি অঞ্চলের জন্য বাখরনগর গ্রামের মো. ফারুক মিয়াকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ১০ অক্টোবর ওই এলাকার ১৮ দুস্থ ব্যক্তি চাল আত্মসাতের বিষয়ে ইউএনওর কাছে অভিযোগ দেন। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আনারুল হক তদন্ত করে ওই অভিযোগের সত্যতা পান। গত মঙ্গলবার বিকেল পাঁচটায় ইউএনও তাঁর কার্যালয়ে ডিলার ফারুক মিয়ার ডিলারশিপ বাতিল ও জরিমানা করেন।

ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বলেন, গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে একটি দল তাঁর কার্যালয় থেকে ডিলার ফারুককে গ্রেপ্তার করে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দেন।