বাঞ্ছারামপুরে দুই কেন্দ্রে হামলা এক ঘণ্টা ভোট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে দুটি কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সোনারামপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ওই দুই কেন্দ্রে অন্তত এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।
সোনারামপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহিনের সমর্থক ও সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থী ফুল মিয়া ও ফুল মিয়ার সমর্থকেরা পৃথক এ হামলা চালান । বিএনপির প্রার্থী মো. নাছির উদ্দিন অভিযোগ করেন, সোনারামপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ভোটারদের হাত থেকে ব্যালট নিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছেন আওয়ামী লীগের লোকজন, পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভোট চেয়েছি, হামলার অভিযোগ সঠিক নয়।’
আওয়ামী লীগের প্রার্থী মো. শাহিন দাবি করেন, জনগণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন, কারচুপির কোনো ঘটনা ঘটেনি।