বাঞ্ছারামপুরে দুই কোটি টাকার কাজে সমঝোতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের বিপণিবিতান নির্মাণের দুই কোটি টাকার দরপত্রের কাজ সমঝোতা করে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ওই কাজের দরপত্র বাতিল করতে ২৬ জন ঠিকাদার লিখিত আবেদন করেছেন।

উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলা সদরের বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের পশ্চিম দিকে বাঞ্ছারামপুর শিল্প ইউনিয়ন লিমিটেডের একটি পাঁচতলা বিপণিবিতান নির্মাণ করতে গত ২৮ জুন ওই সমিতির দরপত্র আহ্বান কমিটির সভাপতি হযরত আলী দরপত্র আহ্বান করেন। বিপণিবিতানটির নিচতলার ২৬টি দোকান নির্মাণের দরপত্র বিক্রি ও জমাদানের জন্য ১৫-২৯ আগস্ট এবং দরপত্র খোলার জন্য ২৯ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়। এর নির্মাণ-ব্যয় ধরা হয় ১ কোটি ৯৭ লাখ টাকা। এর বিপরীতে চারটি দরপত্র বিক্রি ও জমা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহিনূর এন্টারপ্রাইজ এ কাজ পায়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দরপত্র আহ্বান কমিটির সভাপতিও সদস্যরা মিলে গোপনে দরপত্র আহ্বান করেন। তাঁরা নিজেদের মধ্যে এ কাজ ভাগাভাগি করে নেন। উপজেলায় শতাধিক ঠিকাদার থাকলেও সবার অগোচরে কৌশলে কাজ হাতিয়ে নেওয়া হয়। এ কাজের দরপত্র অখ্যাত একটি পত্রিকায় প্রকাশ করা হয়। এ-সংক্রান্ত কোনো বিজ্ঞাপন উপজেলার কোথাও দেখা যায়নি।

মেসার্স আরবি ট্রেডার্সের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলায় প্রথম ও বিশেষ শ্রেণির শতাধিক ঠিকাদার রয়েছেন। ওই কাজের দরপত্র সম্পর্কে তাঁদের কেউই কিছু জানেন না। উপজেলায় চার লাখ টাকার কাজে ৮০টি দরপত্র বিক্রি ও জমা পড়ে। অথচ দুই কোটি টাকার দরপত্রে মাত্র চারটি দরপত্র বিক্রির ঘটনা ঘটেছে। আমরা ঠিকাদারেরা এর প্রতিকার চাই।’

মেসার্স শাহিনূর এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাlসমঝোতা করে কাজ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নিজে কাজ করার জন্য দরপত্র নিইনি। আমার প্রতিষ্ঠানের রেকর্ড ভারী করতে লাইসেন্স ব্যবহার করতে দেওয়া হয়েছে।’

দরপত্র আহ্বান কমিটির সভাপতি হযরত আলী বলেন, ‘দোকানদারদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে এবং আমাদের টাকা দিয়ে দোকান নির্মাণ করতে হবে। এত টাকা কে তুলবে। আর বাঞ্ছারামপুরে মাত্র তিনটা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স আছে, যারা এত বড় টাকার কাজ করতে পারবে। এ জন্যই আজাদের লাইসেন্সে কাজ দেওয়া হয়েছে। যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই পত্রিকা বাঞ্ছারামপুরে না এলে আমাদের কী করার আছে।’

উপজেলা সমবায় কর্মকর্তা লূৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাজ হলো কমিটিকে অনুমোদন দেওয়া, আমরা তা দিয়েছি। তবে কারা কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে কমিটি।’