বাঞ্ছারামপুরে দুই যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামে দুই যুবককে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ওই যুবকদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।উদ্ধার হওয়া যুবকেরা হলেন নবীনগর উপজেলার মুক্তারামপুর গ্রামের মামুন মিয়া (৩০) ও মো. ফারুক (২৮)। মামুন মিয়ার ভাই আক্তার হোসেন বাদী হয়ে গতকাল বিকেলে আটজনকে আসামি করে একটি মামলা করেছেন।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুরের মানিকপুর গ্রামের আকলিমা আক্তার নামের এক তরুণী পার্শ্ববর্তী নবীনগরের মুক্তারামপুর গ্রামের মামুন মিয়ার সঙ্গে মুঠোফোনে সখ্য গড়ে তোলে। প্রায় একমাস ধরে তাদের মধ্যে মুঠোফোনে কথোপকথন হয়। একপর্যায়ে মেয়েটি ছেলেটিকে মানিকপুরে যেতে বলে। গত শুক্রবার মামুন মিয়া তাঁর ভাতিজা মো. ফারুককে নিয়ে মানিকপুরে যান। মেয়ের দেওয়া ঠিকানায় গেলে তাঁদের একটি ঘরে হাত-পা ও মুখ বেঁধে রেখে মুক্তিপণ হিসেবে তাঁদের আত্মীয়দের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাঁদের মেরে ফেলার হুমকি দেয় আটককারীরা। পরে যুবকদের আত্মীয়রা ঘটনাটি বাঞ্ছারামপুর থানার পুলিশকে জানান। পুলিশ মানিকপুর গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন ও ফারুককে একটি জমিতে ফেলে রেখে যায় আটককারীরা। ওই জমি থেকে পরে তাঁদের উদ্ধার করা হয়।বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আকলিমা আক্তার, আলামিন ও জাকির হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।