বাঞ্ছারামপুরে নতুন বই পাবে না সাত শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ সাত শতাধিক শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর নতুন বই পাবে না। উপজেলায় বইয়ের চাহিদার তুলনায় বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাঞ্ছারামপুর উপজেলা থেকে পাঁচ হাজার ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাঁচ হাজার ৬৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। অর্থাৎ পাসের হার শতকরা ৯৯ দশমিক ৫১ ভাগ। পক্ষান্তরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে চার হাজার ৪০০ বইয়ের চাহিদা দেওয়া হয় জেলা মাধ্যমিক কার্যালয়ে। উপজেলার বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয় ও উজানচর কে এন উচ্চবিদ্যালয় ঘুরে দেখা গেছে, ষষ্ঠ শ্রেণীতে নতুন বইয়ের পাশাপাশি পুরাতন বইও বিতরণ করছেন।রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে নতুন বই সবাই দিতে পারিনি, প্রায় ৫০ জনকে পুরোনো বই দিতে হয়েছে। নতুন বইয়ের সংকটের কথা মাধ্যমিক স্যারকে জানিয়েছি। তিনি বলেছেন ব্যবস্থা করতে পারলে নতুন বই দেওয়া হবে, না হয় পুরাতন বই দিয়েই কাজ চালিয়ে নিতে হবে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন বলেন, ‘আমরা উপজেলা থেকে ষষ্ঠ শ্রেণীর নতুন বইয়ের যে চাহিদা জেলায় দিয়েছি মোটামুটি সবই পেয়েছি, কিন্তু আমাদের ধারণার বেশি শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। জেলা মাধ্যমিক কর্মকর্তা সুবোধচন্দ্র চৌধুরী স্বীকার করে বলেন, ‘আমরা কুমিল্লাতে যোগাযোগ করেছি, চেষ্টা করছি সমন্বয় করে বইয়ের সংকট সমাধান করতে।’