বাঞ্ছারামপুরে বাঁধ দিয়ে মেঘনা নদী ভরাট, পরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাটসংলগ্ন মেঘনা নদীতে বাঁশের বাঁধ দিয়ে বালু ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার বাহেরচর গ্রামের তারা মিয়া নামের এক ব্যক্তি সেখানে বালু ফেলছিলেন।উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, তারা মিয়া নদীর প্রায় দুই বিঘা জায়গা দখল করে সেখানে বাঁশ ও টিনের বেড়া দিয়ে দুই সপ্তাহ ধরে ড্রেজার দিয়ে বালু ফেলছিলেন। খবর পেয়ে উজানচর ইউনিয়ন তহশিলদার শামীমা আক্তার গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা মিয়াকে নদী ভরাট বন্ধ করতে বলেন তিনি। নদী দখলের অভিযোগ অস্বীকার করে তারা মিয়া গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘এই ঘাট এলাকায় আমার প্রায় আড়াই একর জমি আছে। ওই জমির অনেকটা অংশ নদীর মধ্যে রয়েছে। যে অংশে বালু ভরাট করেছি, তা আমার। এর বাইরেও নদীতে আরও জায়গা আছে।’তারা মিয়া আরও জানান, ভরাট আপাতত বন্ধ রাখতে তাঁকে গত বৃহস্পতিবার নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সুমন চৌধুরী। এ জন্যই তিনি ভরাটকাজ বন্ধ রেখেছেন।