বাঞ্ছারামপুরে বিদ্যালয়ের ভবন আগুনে ভস্মীভূত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাঠামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত আধা পাকা ভবন আগুনে ভস্মীভূত হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত পাঠামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস (পাঠদান) শেষে বুধবার চারটার দিকে ছুটি হলে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় ত্যাগ করে। বিকেল সোয়া চারটার দিকে পুরোনো আধা পাকা (টিনশেড) ভবনে আগুন লাগে। এলাকাবাসী গিয়ে বিদ্যালয়ের পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ভবনের টিনের ছাউনি পুড়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন বলেন, ‘বিদ্যালয় ছুটির ১০-১৫ মিনিট পরই পাশের বাড়ি থেকে বিদ্যালয়ে আগুন লাগার চিৎকার শুনে গিয়ে দেখি পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে নেন।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারেছ মিয়া বলেন, ‘আমি দুই দিনের ছুটিতে ছিলাম। ওই ভবনটিতে পাশের বাড়ির লোকজন লাকড়ি রাখত সব সময়। তাদের নিষেধ করার পরও রাখত। সেই লাকড়িতে আগুন ধরেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারছি না।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা নওসাদ মাহমুদ বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।’