বাঞ্ছারামপুরে বৃষ্টিতে রাস্তা, বাড়িতে পানি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর মাদরাসা মোড় এলাকায় বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেছে। গতকাল বেলা দুইটার দিকে তোলা ছবি l প্রথম আলো
বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর মাদরাসা মোড় এলাকায় বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে গেছে। গতকাল বেলা দুইটার দিকে তোলা ছবি l প্রথম আলো

দুই দিনের টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিচু বাড়িঘরসহ রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে নয়টি এলাকার কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বাঞ্ছারামপুর-হোমনা সড়কের প্রায় ২০০ মিটার পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-হোমনা সড়কের বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পানি নামাতে রাধানগর মাদ্রাসা মোড় থেকে সাদ্দাম বাজারের দক্ষিণ পাশ পর্যন্ত প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের একটি নালা নির্মাণ করে সওজ কর্তৃপক্ষ। ওই নালায় এলাকাবাসী ময়লা-আবর্জনা ফেলছে। এ ছাড়া সওজ কর্তৃপক্ষ সড়কের এ অংশের অন্তত ১০০ ফুট জায়গা উঁচু করায় সামান্য বৃষ্টি হলেই মাদ্রাসা মোড় এলাকায় পানি জমে। এতে ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী।

সরেজমিনে গতকাল সোমবার বেলা দুইটার দিকে রাধানগর এলাকায় দেখা যায়, বাঞ্ছারামপুর থেকে হোমনা যাওয়ার পথে রাধানগর মনির করাতকলের সামনে প্রায় ১৫০ মিটার সড়ক পানিতে তলিয়ে আছে। এতে এই অংশ দিয়ে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিনে আরও দেখা গেছে, বাঞ্ছারামপুর, সফিরকান্দি, উজানচর, কৃষ্ণনগর, বুধাইরকান্দি, রাধানগর, দশদোনা, জগন্নাথপুর, বাঁশগাড়ি এলাকায় কয়েক শ বাড়িতে পানি ঢুকে পড়েছে।

দশদোনা গ্রামের শাহ নাদিম হোসেন বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে বাড়ির উঠানে প্রায় হাঁটুপানি জমেছে। সারা গ্রামের প্রায় একই দশা হয়েছে। বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে।

রাধানগর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মাদ্রাসা মোড় এলাকার রাস্তার পানি সরাতে নর্দমা ভরাট করায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সারা দিনে এ এলাকায় শতাধিক অটোরিকশায় পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক শ যাত্রী ভোগান্তিতে পড়ে।

অটোরিকশাচালক সোহেল রানা বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে রাস্তায় পানি জইমা রাস্তার অবস্থা বারোটা বাইজা গেছে। আর রাধানগর রাস্তায় হাঁটুপানির বেশি জমায় সিএনজি চালানো অনেক কষ্ট হইতাছে।’

এ বিষয়ে সওজের বাঞ্ছারামপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফাইজুর রহমান বলেন, রাধানগর এলাকায় রাস্তার পানি সরাতে নির্মিত নালাটির কিছু অংশ ভরাট হয়ে গেছে। এই স্থানের নালাটি সংস্কার এবং নতুন করে এক হাজার মিটার এলাকায় নালা নির্মাণ করতে প্রকল্প দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসে টেন্ডার আহ্বান করা হবে।