বাঞ্ছারামপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত সোমবার মধ্যরাতে জহিরুল ইসলাম মোল্লা (৫০) নামের এক শুঁটকি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দুই মেয়ে জেসমিন আক্তার (২৫), সনিয়া আক্তার (২২) এবং এক ছেলে আবু সাইম বাবু (১৩) আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলামের বাড়ি বাঞ্ছারামপুরের কালিকাপুর গ্রামে। নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, সোমবার মধ্যরাতে বাড়ির বাইরে থেকে একজন ‘জহির ভাই’ বলে ডাক দেয়। তিনি ঘরের বাতি জ্বালিয়ে দরজা খুলে দেওয়ার পরপরই কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখোশ পরা চার ব্যক্তি দা ও ছুরি নিয়ে ঘরে ঢুকে পড়ে। এ সময় জহিরকে সামনে পেয়ে এক মুখোশধারী ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে। এরপর মুখোশধারীরা পালিয়ে যায়।আহত জহিরকে উদ্ধার করে পাশের কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী খুশিদা বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। তবে মামলার আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।