বাঞ্ছারামপুরে মাদক নিয়ে উদ্বেগ এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার বাঞ্ছারামপুর মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।

নবীনগর অঞ্চলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, পৌর মেয়র মো. খলিলুর রহমানসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

কদমতলী গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমি প্রায় চার মাস আগে কদমতলী গ্রামের কান্দুশাহ মাজার এলাকায় ইয়াবা ব্যবসার বিষয়ে থানায় অভিযোগ করায় মোবাইল ফোনে মাদক ব্যবসায়ীরা আমাকে হুমকি দেয়। পরে বিষয়টি থানার পুলিশকে জানালেও ওই মাদক ব্যবসায়ীদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি।’

এ বিষয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।