বাঞ্ছারামপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ ৪০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিক হাছান
আশিক হাছান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আশিক হাছান ওরফে হৃদয় (১২) নামের এক মাদ্রাসাছাত্র ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তবে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা নাজমা বেগম। গত ২০ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা নাজমা বেগম বাদী হয়ে ২৩ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আশিক হাছান বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. শাহজাহান মিয়ার ছেলে। সে বাঞ্ছারামপুর আলিয়া সোবহানিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আশিক হাছান নাজমা বেগমের সঙ্গে উপজেলা সদরের সোহেল মার্কেটের একটি ফ্ল্যাটে ভাড়া থাকে। আশিক হাছান ২০ এপ্রিল রাত আটটার দিকে বাসা থেকে এশার নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। ২১ এপ্রিল রাতে আশিক হাছানের সঙ্গে থাকা মুঠোফোন দিয়ে মায়ের মুঠোফোনে অপহরণকারীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে জানান নাজমা বেগম। এ ঘটনায় ২৩ এপ্রিল নাজমা বেগম বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নাজমা বেগম বলেন, ‘আমার ছেলেকে ২০ এপ্রিল রাতে কেউ ফুসলিয়ে অপহরণ করেছে। পরের দিন আমার ছেলের সঙ্গে থাকা মুঠোফোন থেকে আমার কাছে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দিতে বলে। এক মাসেও আমার ছেলেকে পুলিশ উদ্ধার করতে পারে নাই। আমি আমার একমাত্র ছেলেকে ফেরত চাই। আমার ছেলেকে কারা কিসের জন্য অপহরণ করবে, তা বুঝতে পারতাছি না।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, ‘বাঞ্ছারামপুর আলিয়া সোবহানিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র আশিক হাছানকে অপহরণের বিষয়ে বিমানবন্দর, সীমান্ত এলাকাসহ সব জায়গায় জানানো হয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’