বাঞ্ছারামপুরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় আহত মো. শওকত আলী(২০) গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

নিহত শওকত আলী কলাকান্দি গ্রামের কাবিল মিয়ার ছেলে। গত সোমবার উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলাকান্দি গ্রামে গত শনিবার আনিছ মিয়াদের সঙ্গে একই গ্রামের আবুল হোসেনদের পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন আবুল হোসেনের পক্ষে আলাল মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দেন। এতে আবুল হোসেনের বড় ভাই মো. হারিছ মিয়াকেও আসামি করা হয়।

 হারিছ মিয়াকে আসামি করায় তাঁর বাবা মরম আলী ছোট ছেলে আবুল হোসেনকে সোমবার সকালে কিলঘুষি দেন। পরে আবুল হোসেনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাবার পক্ষের লোকজনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিছ মিয়ার পক্ষে মো. শওকত আলীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শওকতসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে শওকত মারা যান।

সংঘর্ষের ঘটনায় সোমবারেই আনিছ মিয়ার পক্ষের ফারুক মিয়া বাদী হয়ে ২৬ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় তিন নারীসহ চারজনকে বুধবার রাতেই গ্রেপ্তার করে থানা–পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কলাকান্দি গ্রামের আবদুল কুদ্দুছ(৫০), আলী আজগরের স্ত্রী বানু বেগম (৫০), মুক্ত মিয়ার স্ত্রী পেয়ারা বেগম, কাসেম মিয়ার স্ত্রী হাওয়া বেগম।