বাঞ্ছারামপুরে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও উভয় পক্ষের ৪৭ জন আহত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার জীবনগঞ্জ বাজারে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম, এসআই কৃষ্ণ কুমার দাস, কনস্টেবল সুমন বড়ুয়া, আলমগীর হোসেন ও শাহাদাৎ হোসেন এবং নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান। আহত ব্যক্তিরা সবাই বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, গতকাল বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছিল। জোহরের নামাজের বিরতির সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষ দরিকান্দি ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০-২৫টি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) নিকুলিন চাকমা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।