বাঞ্ছারামপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুন্সীনগর গ্রামের এক স্কুলছাত্রীকে গত শনিবার অপহরণের পর জোরপূর্বক বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী গতকাল রোববার বাঞ্ছারামপুর থানায় মামলা করেছে। পুলিশ জালু মিয়া, হেকিম মিয়া ও মাসুদ রানা নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মুন্সীনগর গ্রামের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত একই গ্রামের জালু মিয়ার ছেলে রাহিম মিয়া। গত শনিবার সকালে ওই ছাত্রী পড়ার জন্য শিক্ষকের কাছে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে তাকে অপহরণ করে রাহিম ও তার দুই সহযোগী। তারা ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে বাঞ্ছারামপুর সদরের অজ্ঞাত একটি বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক বিয়ে করে রাহিম। পরে বিকেলে মেয়েটিকে তার বাড়িতে রেখে যায় এবং বিয়ের বিষয় মেনে নেওয়ার জন্য তার পরিবারকে চাপ দেয় রাহিমের সহযোগীরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাহিমের লোকজনের হামলায় ওই ছাত্রীর মাসহ সাতজন আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৩ জনকে আসামি করে ওই স্কুলছাত্রী থানায় মামলা করেছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।