ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ-রূপসদীর বাড়িয়াদহ বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আদালতে যুবলীগ-ছাত্রলীগের ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ মোশাররফ হোসাইনের আদালতে উপজেলার দরিকান্দির ভূমিহীন মো. মামুন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত উপজেলা কৃষি কর্মকর্তাকে চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন: রূপসদী ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. মহসীন মিয়া, সাধারণ সম্পাদক রহিছ খান, শাহীন মিয়া, নিজাম মিয়া, আবদুল বাতেন, মাহফুজ মিয়া, নূরে আলম, মামুন মোক্তার, রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, জহিরুল ইসলাম ও শিমুল মিয়া। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ফরদাবাদ-রূপসদী ধীবর সমবায় সমিতি বাড়িয়াদহ জলমহালটি ইজারা নেয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। সমিতির তিন শতাধিক ভূমিহীন ২০০০-০১ অর্থবছরে প্রতিজন এক একর নিচু জমি বন্দোবস্ত নেন। ভূমিহীন কৃষক মামুন মিয়া অভিযোগ করে বলেন, ‘মামলা করার পর বালু উত্তোলনকারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে।’এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন।