বাঞ্ছারামপুরে ২০০ একরের বোরো তলিয়ে গেছে
তিতাস নদীর পানি উপচে গত তিন দিনে ব্রাহ্মণবড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রায় ২০০ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। উজান থেকে পানি নেমে আসায় তিতাসে পানি বেড়েছে। গত মঙ্গলবার উপজেলার কয়েকটি বিল এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক খেতের আধাপাকা ও কাঁচা ধান পানিতে তলিয়ে গেছে। ফরদাবাদ ইউনিয়নের বারিয়াদহ, সলিমাবাদ ইউনিয়নের ডাকাতিয়া বিলের প্রায় ২০০ একর জমির বোরো ধান এখন এক ফুট পানির নিচে। অনেক কৃষক পানির নিচের ধান কাটছেন। স্থানীয় কৃষকেরা জানান, প্রায় ২০ বছর আগে ডাকাতিয়া বিলের পানি নিষ্কাশনের জন্য মিরপুরে এবং বারিয়াদহ বিলের পানি নিষ্কাশনের জন্য গঙ্গানগর এলাকায় পানি উন্নয়ন বোর্ড দুটি স্লুইস গেট নির্মাণ করে। কিন্তু স্লুইস গেট দুটি নষ্ট থাকায় এসব বিলের পানি সরতে পারছে না। সলিমাবাদ ইউনিয়নের মিরপুর গ্রামের কৃষক আসকর আলী বলেন, ‘অনেক ধার-দেনা কইরা ছয় কানি জমিতে বোরো লাগাইছিলাম। আমার সব ধানই পানিতে ডুইব্বা গেছে। আমার এইবার পথে বওন লাগবো।’উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল আমিন পাটওয়ারী বলেন, উজানের পানি বৃদ্ধির কারণে অনেক এলাকায় প্রায় ১০০ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। এভাবে পানি বাড়লে বিস্তীর্ণ এলাকার বোরো ধান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।