বাঞ্ছারামপুরে ৩০০ একরের বোরো ধান পানির নিচে
কয়েক দিনের অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৩০০ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। এ বছর উপজেলার চার ইউনিয়নে প্রায় ৯৮৮ একর নিচু জমিতে বোরো ধান চাষ করা হয়। গত তিন-চার দিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি হয়ে ওই সব অঞ্চলের প্রায় ৩০০ একর বোরো ধানের জমি তলিয়ে গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার বাঁশগাড়ি, আছাদনগর, ফতেপুর, পাড়াতলি, রূপসদী, কালিকাপুর, রাধানগর অঞ্চলে গিয়ে দেখা গেছে, নিচু এলাকার বোরো ধানের জমি পানির নিচে। কৃষক মহসীন মিয়া বলেন, ‘তিন-চার দিনের বৃষ্টির পানি বাইড়া বোরো ধানের জমি তলাইয়া গেছে। বৃষ্টি বন্ধ না অইলে সব ধান তলাইয়া যাইব।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিছু নিচু এলাকার বোরো ধানের জমি তলিয়ে যাচ্ছে। খাল, নদী ও বিলের নিচু জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। আর বৃষ্টি না হলে ধানের তেমন ক্ষতি হবে না।
রায়পুরে সয়াবিনের ফসল ডুবে গেছে
আমাদের রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, রায়পুর উপজেলার পাঁচটি চরের আধা পাকা আরও ৩ হাজার ৪৫৮ একর জমির সয়াবিনের ফসল ডুবে গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে ডুবে যাওয়া ৪ হাজার ৯৪০ একর জমির সয়াবিন নষ্টের আশঙ্কা রয়েছে। গতকাল সোমবার পর্যন্ত ১ হাজার ৬৩০ একর জমির সয়াবিন নষ্ট হয়ে গেছে।
গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে হতাশ হয়ে পড়েছেন সয়াবিনের ওপর নির্ভরশীল সাত হাজার কৃষক। কৃষকেরা জানিয়েছেন, অতীতে অসময়ে এভাবে কখনো বৃষ্টিতে ফসলহানি হয়নি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুরে বছরে অন্তত ৩৫০ কোটি টাকার সয়াবিন উৎপাদিত হয়। উপজেলার চারটি ইউনিয়নে সয়াবিন চাষ হয়। বিশেষ করে মেঘনা নদীর জেগে ওঠা চর ইন্দুরিয়া, চর জালিয়া, চর ঘাসিয়া, চর কাছিয়া ও কানিবগার চরের হাজার হাজার একর জমিতে সয়াবিন চাষ হয়। সারা বছর এ অঞ্চলের মানুষ এ ফসলের ওপরই নির্ভরশীল থাকে। দেশের খ্যাতনামা সয়াবিন তেল ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এখান থেকে সয়াবিন সংগ্রহ করে। চলতি বছর এ উপজেলায় সয়াবিনের আবাদ হয়েছে ১৯ হাজার ২৪১ একর জমিতে।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির আহাম্মেদ বলেন, বৃষ্টির পানি জমিতে দীর্ঘ সময় থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা ওই এলাকাগুলোতে অবস্থান করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।