বাঞ্ছারামপুরের আ.লীগ নেতা নিখোঁজ চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফেরদৌছ আহাম্মাদ চার দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় তাঁর স্ত্রী বিফলা আক্তার গতকাল বুধবার বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিফলা বেগম বলেন, ‘রোববার সকাল থেকেই আমার স্বামী নিজের খেলার সামগ্রীর দোকানে ছিল। দুপুর ১২টার দিকে দোকান থেকে উধাও হয়ে গেছে। পরে আত্মীয়স্বজনের বাসায়ও খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া যায়নি। তাই এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। নিখোঁজের পর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ।
রাজনীতি বা অন্য কিছু নিয়ে তার সঙ্গে কারও কোনো বিরোধ আছে কি না, বলতে পারছি না।’
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব গতকাল প্রথম আলোকে বলেন, ‘রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌছ আহাম্মাদ নিখোঁজ রয়েছেন জানিয়ে তাঁর স্ত্রী থানায় একটি জিডি করেছেন। আমরা তাঁর মুঠোফোন নম্বর চেয়েছি। নম্বর ট্র্যাক করে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘রোববার অটোরিকশাযোগে ফেরদৌছ সাহেব সিলেটে যাচ্ছেন বলে আমরা লোক মারফত জানতে পেরেছি, তবে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’