প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমানকে আয়কর ফাঁকির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে জেলা কারাগারে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।বিএনপি নেতার স্ত্রী হেনা বেগম দাবি করেন, তাঁর স্বামী ছয়-সাত বছর আগে ঠিকাদারি ব্যবসা করতেন। তাঁর লাইসেন্স নিয়ে সেই ব্যবসা তাঁর ছোট ভাই পরিচালনা করতেন। কিন্তু তিনি ওই লাইসেন্সের বিপরীতে আয়কর পরিশোধ করেননি। লাইসেন্স তাঁর স্বামীর নামে হওয়ায় দোষ না করেও তাঁকে কারাগারে যেতে হয়েছে।বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, অর্থঋণ আদালতে আয়কর ফাঁকির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মতিউর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।