বাঞ্ছারামপুরের সব টেলিফোন বিকল দেড় মাস
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় টেলিফোন লাইন বিকল হয়ে জেলাসহ সারা দেশের সঙ্গে উপজেলার যোগাযোগ দেড় মাস ধরে বন্ধ রয়েছে। এতে উপজেলার সব সরকারি দপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা টেলিফোন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় টেলিফোনের ৫০ জন গ্রাহক রয়েছেন। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাচন কর্মকর্তা, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৩০টি দপ্তরে টেলিফোন লাইন রয়েছে। ওসব লাইন অন্তত দেড় মাস ধরে বিকল হয়ে থাকায় দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার সঙ্গে ইউএনও, থানার পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যাক্সের মাধ্যমে তথ্য আদান-প্রদান বন্ধ রয়েছে। টেলিফোন লাইন বিকল থাকায় গত রোববার উপজেলা টেলিফোন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সোহেল আলমকে কারণ দর্শাতে চিঠি দিয়েছেন ইউএনও নূর-ই-খাজা আলামীন। এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে উপজেলায় টেলিফোন লাইন বিকল হওয়ায় উপজেলার সঙ্গে জেলাসহ সারা দেশের টেলিফোন ও ফ্যাক্স যোগাযোগ বন্ধ রয়েছে। ১৫ জুন বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন সামনে রেখে টেলিফোন লাইন সচল রাখা জরুরি। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার টেলিযোগাযোগ বিভাগের সহকারী প্রকৌশলীকে জানানো হয়েছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা টেলিযোগাযোগ বিভাগের উপসহকারী প্রকৌশলী সোহেল আলম বলেন, ‘উপজেলার টেলিফোন লাইনটির নবীনগর উপজেলা টাওয়ারের সঙ্গে লিংক (সংযুক্ত) রয়েছে। সেটি মে মাসের ১ তারিখ থেকে নষ্ট হওয়ায় পুরো উপজেলা টেলিযোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে। আমরা কয়েকবার চেষ্টা করেছি লিংকটি পুনঃস্থাপন করতে। তবে তা পুনঃস্থাপন করা যাচ্ছে না।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, কয়েক দিন পর পৌরসভা নির্বাচন। টেলিফোন লাইন বিকল থাকায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সচিবালয় এবং জেলার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য আদান-প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, প্রতিদিনই জেলা পুলিশে থানা থেকে গুরুত্বপূর্ণ তথ্য ফ্যাক্সের মাধ্যমে আদান-প্রদান করতে হয়। কিন্তু টেলিফোন লাইন বিকল থাকায় ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ বন্ধ রয়েছে।
ইউএনও নূর-ই-খাজা আলামীন বলেন, টেলিফোন লাইন বিকল থাকায় উপজেলার সঙ্গে জেলাসহ সারা দেশের ফোন ও ফ্যাক্সে যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া টেলিযোগাযোগ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সামছুল হুদা বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাঞ্ছারামপুরের লাইনটি মেরামত করার জন্য। মনে হচ্ছে, অনেক সময় লাগবে।’