বাটাগুর বাসকার ২৮ ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে প্রথমবারের মতো জন্ম নেওয়া বিলুপ্তপ্রায় ‘বাটাগুর বাসকা’ প্রজাতির কচ্ছপের ছানা। ১৩ মে তোলা ছবি l প্রথম আলো
সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে প্রথমবারের মতো জন্ম নেওয়া বিলুপ্তপ্রায় ‘বাটাগুর বাসকা’ প্রজাতির কচ্ছপের ছানা। ১৩ মে তোলা ছবি l প্রথম আলো

কুমিরের পর সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে প্রথমবারের মতো বিলুপ্তপ্রায় কাইট্যা কচ্ছপ বা ‘বাটাগুর বাসকা’ প্রজাতির কচ্ছপের ২৮টি ছানা জন্ম নিয়েছে। ৮ থেকে ১৩ মে পর্যন্ত চার ধাপে এই ছানাগুলো পেয়েছে ওই প্রজননকেন্দ্র। ছানাগুলো কেন্দ্রের সুরক্ষিত চৌবাচ্চায় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো সুস্থ আছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্র সূত্রে জানা যায়, বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় দেখা যেত। বাংলাদেশে ২০১০ সালে ভিয়েনা চিড়িয়াখানা কর্তৃপক্ষের আর্থিক সহায়তায় বন বিভাগ, আমেরিকান টারটেল সারভাইভাল অ্যালায়েন্স ও বেসরকারি সংস্থা ক্যারিনামের যৌথ উদ্যোগে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে এই প্রজাতির বংশবিস্তারের প্রথম প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ২০১২ ও ২০১৩ সালে এই কেন্দ্রে কৃত্রিমভাবে এই প্রজাতির কচ্ছপের ৮৪টি বাচ্চা উৎপাদন করা হয়। ২০১৪ সালে অন্য তিনটি সংস্থার সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন বিভাগের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রে এর দ্বিতীয় প্রকল্পের কার্যক্রম শুরু হয়। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান থেকে এবং জেলেদের জালে আটক বড় ৮টি ও ছোট ২০টি মিলিয়ে মোট ২৮টি বাটাগুর বাসকা কচ্ছপ দিয়ে এর কার্যক্রম শুরু হয়। একজন কর্মকর্তা ও একজন কর্মচারী দিয়ে এই কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হয়। বাটাগুর বাসকার প্রজনন, বংশ বিস্তার, খাদ্যাভ্যাস, গতিবিধি নির্ণয়সহ নানা বিষয়ে তাঁরা কাজ করে যাচ্ছেন।
করমজল কেন্দ্রের কচ্ছপ প্রজনন ও রক্ষণাবেক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বন্য প্রাণী বিশেষজ্ঞ আবদুর রব বলেন, এই কেন্দ্রে গত ৩ মার্চ প্রথমবারের মতো ৩১টি ডিম দেয় একটি নারী কচ্ছপ। ওই কচ্ছপের দেওয়া ৩১টি ডিমের মধ্যে গত ৮ মে ৪টি, ৯ মে ১৯টি, ১০ মে ৩টি, ১৩ মে ২টিসহ মোট ২৮টি ডিম থেকে ২৮টি ছানা জন্ম নেয়। বাকি তিনটি ডিমের মধ্যে ১টি অনুর্বর ও ২টি নষ্ট হয়ে গেছে। ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পর সেগুলো কয়েক ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর কেন্দ্রের নির্দিষ্ট সুরক্ষিত চৌবাচ্চায় ছাড়া হয়েছে।
আবদুর রব আরও বলেন, কেন্দ্রের আরও একটি নারী কচ্ছপের দেওয়া ৩২টা ডিম এখন কেন্দ্রের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে রয়েছে। সেগুলো থেকে এই মাসের শেষ সপ্তাহে বাচ্চা পাওয়ার আশা করছেন তিনি। এই কেন্দ্রে জন্ম নেওয়া কচ্ছপগুলো একটু বড় হলে পর্যায়ক্রমে সুন্দরবনসহ উপকূলীয় নদ-নদীতে ছেড়ে দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, দেশি ভাষায় পরিচিত কাইট্যা কচ্ছপ বা কেটো কচ্ছপের বৈজ্ঞানিক নাম বাটাগুর বাসকা। ইংরেজিতে এটিকে নর্দার্ন রিভার টেরাপিন বলে। একটি পূর্ণবয়স্ক বাটাগুর বাসকা ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ওজন হয় ১৮ থেকে ২০ কেজি। গড় আয়ু ৪০ বছর। এটি মিঠা ও লোনাপানি দুই জায়গাতেই থাকতে পারে। এই ক্ষমতা অন্য কোনো কচ্ছপের নেই। পূর্ণবয়স্ক পুরুষ কচ্ছপের খোলসের রং বাদামি থেকে সবুজ। আর নারী কচ্ছপের খোলসের রং জলপাই-ধূসর। নারী কচ্ছপ বছরে ৫০ থেকে ৬০টি ডিম দেয়। মজার বিষয় হলো, ডিম দেওয়ার সময় নারী কুমির কোনো খাবারই খায় না। প্রকৃতি সংরক্ষণ বিষয়ে কাজ করা আন্তার্জাতিক সংগঠন আইইউসিএন মহাবিপন্ন প্রাণীর তালিকায় এই কচ্ছপের নাম রয়েছে। এই কচ্ছপ রক্ষার উদ্যোগ অবশ্যই প্রশংসার।
এই ২৮টি বাচ্চাসহ বর্তমানে এই কেন্দ্রে বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের সংখ্যা ১৫১।