বাড়ছে আলুর উৎপাদন খরচ
ঠাকুরগাঁওয়ে নাবিধসা (লেটব্লাইট) রোগের সংক্রমণ ঠেকাতে আলুখেতে অতিরিক্ত মাত্রায় ছত্রাকনাশক ছিটাচ্ছেন কৃষকেরা। এতে আলুর উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কৃষি বিভাগ খেতে পরিমিত পরিমাণে ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্ন তাপমাত্রা ও দীর্ঘ ঘন কুয়াশা আলুগাছে ছত্রাকজনিত রোগ বিস্তারে সহায়তা করে। আবার ঝিরঝির বৃষ্টি ও হঠাৎ শীত কমে যাওয়ায় ছত্রাক সংক্রমণ আরও বেড়ে যায়। এ অবস্থায় আলুখেতে ছত্রাকজনিত নাবিধসা রোগ দেখা দিলে তা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। এতে আলুর ফলন আশঙ্কাজনক হারে কমে যায়।
গত শনি ও রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর, শিংপাড়া, জামালপুর, শিবগঞ্জ, হারাগাছপাড়া, আকচা ও নারগুন এলাকায় গিয়ে দেখা গেছে, অনেক কৃষক খেতের আলু রক্ষায় দেদার ছত্রাকনাশক ছিটাচ্ছেন।
সদর উপজেলার হারাগাছপাড়া গ্রামের আলুচাষি শাহ আলম চলতি মৌসুমে ১৪ বিঘা জমিতে আলু আবাদ করেছেন। তিনি জানান, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সময় নাবিধসা রোগ থেকে আলু রক্ষায় আট থেকে নয়বার ছত্রাকনাশক ছিটাতে হয়। তিনি এখন পর্যন্ত খেতে চার দফা ছত্রাকনাশক ছিটিয়েছেন। প্রতিবার তাঁকে প্রতি একরের জন্য ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকার ছত্রাকনাশক কিনতে হচ্ছে। এ মৌসুমে ছত্রাকনাশকের পেছনেই তাঁকে প্রায় ৮০ হাজার টাকা খরচ করতে হবে।
সদর উপজেলার আকচা গ্রামের আমজাদ আলী জানান, ছত্রাকনাশক ছিটানোর ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,‘বাজারের সার-কীটনাশক ব্যবসায়ীদের পরামর্শে কীটনাশক ছিটিয়ে কৃষকের একদিকে যেমন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, তেমনি আলু রক্ষায় তা তেমন কাজ করছে না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ১৮৩ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আলুচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবার এক একর আলুখেতে এক কেজি ওজনের মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক ছিটাতে হয়। বাজারে এক কেজি স্পর্শক-জাতীয় ছত্রাকনাশকের দাম পড়ে ৬৩০ টাকা। সেই সঙ্গে কাবেনডাজিম গ্রুপের ৫০০ গ্রাম ছত্রাকনাশকের পেছনে কমপক্ষে ৬৯০ টাকা খরচ হয়। সে হিসাবে একজন আলুচাষিকে প্রতিবার ছত্রাকনাশক ছিটাতে প্রতি একরে কমপক্ষে এক হাজার ৩২০ টাকা খরচ করতে হচ্ছে। জেলার ২১ হাজার ১৮৩ হেক্টর জমিতে (এক হেক্টর সমান ২ দশমিক ৪৭ একর) একবার ছত্রাকনাশক ছিটাতে আলুচাষিকে খরচ করতে হচ্ছে প্রায় সাত কোটি টাকা। আর গড়ে আটবার ছত্রাকনাশক ছিটাতে জেলার আলুচাষিদের খরচ করতে হচ্ছে প্রায় ৫৫ কোটি টাকা।
শিবগঞ্জ গ্রামের আলুচাষি আবদুল লতিফ বলেন, ‘যে খেতে নাবিধসা রোগের সংক্রমণ হয়নি, সেখানে ১৫ দিনে একবার ছত্রাকনাশক ব্যবহার করলেই চলে। এর পরও অনেক কৃষক না বুঝে তা ছিটিয়ে যাচ্ছেন। ঘন কুয়াশার সময় নির্দেশনা মেনে বালাইনাশক প্রয়োগ করলে কৃষকের উৎপাদন খরচ অনেক কমে আসবে। কৃষকেরা খেতে অধিক পরিমাণে বালাইনাশক ব্যবহার করে অনেক টাকা গচ্চা দিচ্ছেন।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক ভূপেশ কুমার মণ্ডল জানান, নাবিধসা রোগ প্রতিরোধের জন্য শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সময় আলুখেতে অনুমোদিত মাত্রায় যেকোনো কপার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। স্পর্শক-জাতীয় ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে দিয়ে সাত দিন পর পর ছিটাতে হবে। তবে আবহাওয়া ভালো হয়ে যাওয়ার পর ছত্রাকনাশক ছিটানোর প্রয়োজন পড়ে না। অনেক কৃষক প্রয়োজনের চেয়ে বেশি ছত্রাকনাশক ছিটিয়ে আলুর উৎপাদন খরচ বাড়িয়ে ফেলছেন।