সিরাজগঞ্জে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা বাড়ছে। ফলে বিদ্যুতের অপচয় বেড়েই চলছে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক উন্নয়ন সভায় রিকশা থেকে মোটর খুলে নেওয়ার সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।
সিরাজগঞ্জ জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পৌরসভা সূত্র জানায়, জেলা শহরে প্রায় আড়াই হাজার ব্যাটারিচালিত রিকশা ও পাঁচ শতাধিক ইজিবাইক চলাচল করছে। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য শহরের পুনর্বাসন, মাসুমপুরসহ বিভিন্ন এলাকার ৪৮টি স্থানে বাণিজ্যিক ভিত্তিতে গ্যারেজ স্থাপন করা হয়েছে। প্রতিবার ব্যাটারি চার্জের জন্য গ্যারেজ মালিক রিকশাপ্রতি ৫০ টাকা আর ইজিবাইকপ্রতি ৭০ টাকা করে নিচ্ছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসিব সরকার বলেন, একটি ব্যাটারি ছয় ঘণ্টা চার্জ দিলে তিন থেকে চার ইউনিট বিদ্যুতের প্রয়োজন হয়। তিন ইউনিট ধরে হিসাব করলে আড়াই হাজার রিকশার ব্যাটারি চার্জ করতে প্রায় সাড়ে সাত হাজার ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে। প্রতিটি ইজিবাইকের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। অথচ মাঝারি ধরনের একটি পরিবারের জন্য প্রতিদিন প্রায় পাঁচ ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে থাকে।
পা-চালিত রিকশাচালক মহির উদ্দীন ও আলমগীর হোসেন বলেন, অনেকে কম মূল্যে ঢাকা থেকে বিতাড়িত পুরোনো রিকশা নিয়ে এসে চালাচ্ছেন। রিকশার পরিবর্তে অনেকেই রিকশাভ্যান তৈরি করে দুজনের স্থলে সাতজনের বসার ব্যবস্থা করেছেন। এতে নির্মাণকাঠামো সংগতিপূর্ণ না হওয়ায় দ্রুতগতিতে চলা এবং অতিরিক্ত রিকশার কারণে দুর্ঘটনা ও যানজট বেড়েছে। বিদ্যুৎ কার্যালয়ের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে অনেকে মিটার ছাড়াই সরাসরি বৈদ্যুতিক খুঁটি থেকে হুকের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে ব্যাটারি চার্জ করছেন। বিশেষ করে রাতের বেলায় এ কাজ বেশি করা হয়।
সিরাজগঞ্জ জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক হানিফ জানান, বয়স্ক ও দুর্বলদের ব্যাটারিচালিত রিকশা চালানোর জন্য বলা হয়েছে। যুবক চালকদের এ রিকশা চালানো থেকে বিরত থাকার জন্য শহরে মাইকিং করা হয়েছে।
সিরাজগঞ্জের পৌর মেয়র মোকাদ্দেস আলী বলেন, প্রথম পর্যায়ে সাড়ে আট শ ব্যাটারিচালিত রিকশা ও কিছু ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়। পরে সরকারিভাবে নিষেধ করায় লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে।
পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু হেনা বলেন, মিটার টেম্পারিং করে চার্জ দেওয়া হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকজন অবৈধ সংযোগকারীর কাছ থেকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে। পিডিবির কোনো কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিকশা থেকে মোটর খুলে শুধু পা-চালিত রিকশায় রূপান্তর করার চিন্তাভাবনা করা হচ্ছে।