প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবনির্মিত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায় নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা যুক্ত করে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
পরে বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, ওই ফ্লাইওভারে বাড়তি টোল আদায়ে নিষ্ক্রিয়তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়। এক সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।