বাড়তি ফি দিতে না পারায় পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী বর্ডার গার্ড প্রশিক্ষণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্র প্রধান শিক্ষকের দাবি করা অতিরিক্ত ফি দিতে না পারায় গতকাল বুধবার প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) দিতে পারেনি।
ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিউল নামের ওই ছাত্রের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। এদিকে পিএসসি পরীক্ষার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম পরীক্ষার ফি বাবদ ৪৫০ টাকা দাবি করেন। বিদ্যালয়ের মোট চারজন শিক্ষার্থীর মধ্যে তিনজন ওই পরিমাণ ফি দিয়ে কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু রবিউল টাকা দিতে না পারায় পরীক্ষা না দিয়ে চলে গেছে।
কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব এ কে এম বদিউজ্জামান বলেন, এই পরীক্ষার ফি ৬০ টাকা। এর বাইরে বাড়তি টাকা নেওয়ার নিয়ম নেই।
বর্ডার গার্ড প্রশিক্ষণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয় থেকে উপজেলা কার্যালয় অনেক দূরে। তাই যাতায়াত খরচের জন্য কিছু টাকা বাড়তি নেওয়া হয়েছে।
ইউএনও ফজলুল জাহিদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি তাঁদের নজরে এসেছে। প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।