বাড়তি বগির জন্য ডিজির অনুমতি লাগবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করতে হলে এখন থেকে রেলের মহাপরিচালকের (ডিজি) পূর্বানুমতি নিতে হবে। রেলভবন থেকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রেলের ডিজি নিজেই বলছেন, এটা তাঁর কাজ নয়। আর কর্মকর্তারা বলছেন, এতে করে তাৎক্ষণিকভাবে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে সমস্যা হবে। রেলের রাজস্ব কমারও আশঙ্কা আছে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনের কম্পোজিশনের (একটি ট্রেনের নির্দিষ্টসংখ্যক বগি থাকা) বাইরে অতিরিক্ত বগি সংযোজন কিংবা বিয়োজনের ক্ষমতা ছিল প্রধান পরিচালন কর্মকর্তার (সিওপিএস)। দীর্ঘদিন ধরে সেটাই চর্চা করা হয়ে আসছে। কিন্তু এর মধ্যে গত সোমবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেলওয়ের দুই সিওপিএস এবং দুই প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপককে (সিসিএম) একটি চিঠি দেওয়া হয়। রেলভবন থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেন রেলের উপপরিচালক কালীকান্ত ঘোষ। এতে বলা হয়, কোনো আন্তনগর ট্রেনে বাড়তি বগি সংযোজন কিংবা বিয়োজন করতে হলে ডিজির অনুমতি নিতে হবে।
চট্টগ্রামে পূর্বাঞ্চল রেল সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সরকারি ছুটি এবং পাবলিক কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো বিশেষ সময়ে ট্রেনের টিকিটের প্রচুর চাহিদা থাকে। ঈদ উপলক্ষে বিভিন্ন আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়। তখন মন্ত্রণালয় থেকে রেলপথমন্ত্রী সবকিছু তদারক করেন। তবে অন্য সময় যাত্রীদের চাপ থাকা সাপেক্ষে সিওপিএস নিজের ক্ষমতাবলে বগি সংযোজন করার নির্দেশ দেন।
রেলের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতিরিক্ত বগি সংযোজনের জন্য ঢাকার রেলভবন থেকে অনুমতি নেওয়ার বিষয়টি সময়সাপেক্ষ ব্যাপার। হঠাৎ করে এ-সংক্রান্ত আদেশ জারি করে জটিলতা সৃষ্টি করা হয়েছে। এতে রেলের রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জটিলতার বিষয়টি তুলে ধরতে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, নতুন আদেশের কারণে গতকাল বৃহস্পতিবার ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের একটি অতিরিক্ত বগি সংযোজনের জন্য ডিজির অনুমতি চেয়ে আগের দিন বুধবার সকাল ১০টায় রেলভবনের বার্তা পাঠানো হয়। সেই বার্তার জবাব আসে ওই দিন বিকেল চারটায়। অর্থাৎ অনুমতি মিলতে সময় লাগে ছয় ঘণ্টা। রেলভবন থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন না হলে সকাল ১০টা থেকেই তাঁরা টিকিট বিক্রি শুরু করতে পারতেন বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকে। অথচ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ওই সময় অতিরিক্ত বগি লাগাতে হয়। সাপ্তাহিক ছুটির দিনে রেলভবন বন্ধ থাকে। তখন কে অনুমতি নেবেন আর কে দেবেন?
বাড়তি বগি সংযোজন কিংবা কোনো বগি বিয়োজনের বিষয়টি এত দিন সিওপিএসের এখতিয়ারেই ছিল বলে স্বীকার করেছেন রেলের উপপরিচালক কালীকান্ত ঘোষ। এখন ডিজির অনুমতি নেওয়ার নির্দেশ কেন দেওয়া হলো, সে বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষই এ সিদ্ধান্ত নিয়েছে। কেননা, সিওপিএসরা যথেচ্ছভাবে তাঁদের সেই ক্ষমতা প্রয়োগ করতেন। যেমন গত ঈদের আগে একটি ট্রেনে অতিরিক্ত বগি লাগানো হলেও তাতে কোনো যাত্রী ছিল না। এমন পরিস্থিতি এড়াতেই কর্তৃপক্ষ বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রেলের ডিজি আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত বগি সংযোজন বা বিয়োজন মহাপরিচালকের কাজ নয়। মহাপরিচালকের কাজের মধ্যে এসব পড়ে না।’
তাহলে মহাপরিচালকের অনুমতি নেওয়ার আদেশ দেওয়া হলো কেন, জিজ্ঞেস করা হলে আমজাদ হোসেন বলেন, ‘অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এ বিষয়ে বলতে পারবেন।’
এরপর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, নতুন বগি সংযোজন করতে হলে মহাপরিচালকের কার্যালয়ের অনুমতি নেওয়ার বিষয়টি আগেও ছিল। এতে কাজের কোনো সমস্যা হবে না। বরং আরও গতিশীলতা আসবে।