সেচ সুবিধা বাড়াতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার হাঙ্গর ও চাম্বি খালে স্থাপন করা হবে দুটি রাবার ড্যাম। এ ছাড়া উপজেলার কলাউজান করমআলী ও কুলপাগলী ছড়ায় তৈরি করা হবে দুটি জলকপাট (স্লুইসগেট)। এতে ধান উৎপাদন বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ।
সূত্র জানায়, দুটি রাবার ড্যাম স্থাপনে খরচ হবে ১২ কোটি টাকা। আর জলকপাট দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, রাবার ড্যাম স্থাপন ও জলকপাট নির্মাণ করা হলে সেচ সুবিধা বাড়বে। এতে অন্তত তিন হাজার হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে। এতে ১০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন বাড়তে পারে।
২০০১ সালে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের টংকাবতী খালে রাবার ড্যাম স্থাপনের ফলে চরম্বায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ ৩৯২ হেক্টর থেকে বেড়ে ১ হাজার হেক্টরে দাঁড়ায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, লোহাগাড়ায় বছরে ৫০ হাজার মেট্রিক টন চালের চাহিদা আছে। কিন্তু উৎপাদন হয় প্রায় ৪০ হাজার মেট্রিক টন। এ রাবার ড্যাম ও জলকপাট নির্মাণ করা হলে এলাকার চালের চাহিদা পূরণ হবে।
এ ব্যাপারে অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেক্টর প্রকল্পের পরিচালক মো. শহীদুল হক প্রথম আলোকে জানান, আগামী ডিসেম্বরে এসব রাবার ড্যাম ও জলকপাটের নির্মাণকাজ শুরু হবে। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা আছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, লোহাগাড়ায় আরও দুটি রাবার ড্যাম স্থাপিত হলে এলাকার খাদ্যনিরাপত্তা বাড়বে।