বাড়ি গিয়ে, খুদে বার্তায় শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল বুধবার মহান বিজয় দিবসে প্রার্থীরা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ভিন্ন মাত্রিক প্রচারণা চালিয়েছেন। কোনো কোনো প্রার্থী হাতে জাতীয় পতাকা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে প্রচারণা চালান। অনেক প্রার্থী আবার ভোটারদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে।
গতকাল সকালেই সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধক স্লোগান দেওয়া হয়। ওই মিছিলে চিরায়ত বাঙালি পোশাক পরা মেয়র পদপ্রার্থী সাখাওয়াৎ হোসেন ছিলেন মধ্যমণি। অন্যান্য নেতা-কর্মীর বেশির ভাগই পরা ছিলেন পায়জামা-পাঞ্জাবি। মিছিলটি শহীদ তুলশী রাম সড়কের আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে শহীদ স্মৃতি পার্কে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের বেদীতে ফুল দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পরে মেয়র প্রার্থী সাখাওয়াৎ বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। বিজয়ের মাসে আরেক বিজয়ের লড়াইয়ে নেমেছি। ইনশা আল্লাহ আমি ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসংযোগকালে ভোটারদের বিজয় দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। অনেককে তিনি মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছেন, যেখানে লেখা হয়েছে—‘আপনাদের আশীর্বাদে যদি মেয়র নির্বাচিত হই, তাহলে সৈয়দপুরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলব।’ একই সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা ছিল ওই খুদে বার্তায়।
বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার অবশ্য গতকাল দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। তবে তাঁর দলের পক্ষ থেকে ঠিকই বিজয় দিবসের মিছিল বের করা হয়। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার।
ধানের শীষের মেয়র প্রার্থী আমজাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ‘আমার পক্ষে আমার প্রাণপ্রিয় কর্মীরা ভোটারদের কাছে বিজয় দিবসের শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এখন দেশে একটি ক্রান্তিকাল পার করছি আমরা। আশা করছি বিজয়ের মাসে আমি পুনরায় বিজয়ী হব।’ ভোটের দিন যাতে সুন্দর ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকে সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।
জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জয়নাল আবেদীনকে দলের বিজয় দিবসের মিছিলে দেখা যায়নি। তিনি পার্টির পৌর শাখার আহ্বায়ক। যোগাযোগ করা হলে জয়নাল বলেন, ‘জনসংযোগে ব্যস্ত সময় যাচ্ছে। ভোটারদের সঙ্গে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছি।’
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ নূরুল হুদার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রিয় ভোটারদের আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছি। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।’
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ১৫ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৭৪ জন। আর পাঁচটি সংরক্ষিত নারী আসনে লড়ছেন ১৯ প্রার্থী। এই কাউন্সিলর পদপ্রার্থীরাও গতকাল বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জনসংযোগে অংশ নেন বলে জানা গেছে। সে সময় তাঁদের অনেকের হাতেই ছিল বাংলাদেশের পতাকা। ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এরশাদ হোসেন পাপ্পু এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী সরকার কবির উদ্দিন (ইউনুস) জানান যে তাঁরা খুদে বার্তার মাধ্যমে ভোটারদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।