বাড়ি থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ভারতের পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের এক নাগরিককে ধরে নিয়ে যাওয়ার তিন দিন পরও ফেরত দেয়নি৷ গত বুধবার গভীর রাতে জনু মিয়া (৫০) নামের ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে ধরে নিয়ে যায় ভারতের পুলিশ ও বিএসএফ৷ এরপর এ ঘটনায় দুই পক্ষে তিন দফা পতাকা বৈঠকও হয়৷ কিন্তু গতকাল শনিবার পর্যন্ত বাংলাদেশি ওই নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ।
জনু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে৷ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিহীন জনু মিয়া ভারত-বাংলাদেশ সীমান্তের ২০৫২ পিলারসংলগ্ন ফায়েজ মিয়ার বাড়িতে ঘর তুলে থাকতেন৷ গত বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে ভারতীয় পুলিশ ও বিএসএফ ওই বাড়িতে হানা দিয়ে জনু মিয়াকে ভারতে ধরে নিয়ে যায়।
গতকাল বিকেলে কুমিল্লার বিজিবি ১০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল সহিদুর রহমান বলেন, দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, ভারতীয় নাগরিক এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত বলে ধারণা করে জনু মিয়াকে ধরে নিয়ে গেছে তারা৷ বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিক হিসেবে তাঁর জাতীয় পরিচয়পত্র পতাকা বৈঠকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে জনু মিয়া ভারতীয় পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, জনু মিয়াকে ধরে নেওয়ার পরপরই বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানায়৷ গত বৃহস্পতিবার সকাল ১০টায় আশাবাড়ি সীমান্তে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রথম ও পরে গত শুক্রবার সকাল ১০টা এবং বিকেল চারটায় আরও দুই দফা পতাকা বৈঠক হয়৷