বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাপার সাংসদ নাসিম ওসমানের বিরুদ্ধে সংখ্যালঘুর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বাড়ি রক্ষা এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য পরিবারটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। গত মঙ্গলবার নগরের নিউ চাষাঢ়া জামতলা এলাকার বাসিন্দা উত্তম কুমার দাস এ আবেদন করেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আবেদনটি গ্রহণ করেছে। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, নিয়ম মোতাবেক আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। আবেদনে উল্লেখ করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামতলা ধোপাপট্টিতে সাড়ে ২৭ শতাংশ জমির ওপরে অবস্থিত তাঁর পৈতৃক বাড়ি দখলের জন্য নাসিম ওসমান নানাভাবে চেষ্টা করছেন। গত ২৪ জুন নাসিম ওসমানের কয়েকজন সহযোগী দুই-তিন লাখ টাকা নিয়ে এ বাড়ি ছেড়ে দিতে বলেন। দুদিন পর সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে অপরিচিত দুই লোক এসে তাঁকে খুঁজতে থাকেন। এ ব্যাপারে তিনি ফতুল্লা থানায় জিডি করেন। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে নাসিম ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।