বাড়ি ফেরা হলো না ইশতিয়াকের
ছোট ভাই ও বন্ধুকে নতুন মোটরসাইকেলে তুলে বেড়াতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না ইশতিয়াক মাহমুদের। গতকাল শুক্রবার সকালে রাজশাহীর বাঘা পৌর এলাকায় বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইশতিয়াক নিহত হন।
গুরুতর আহত ছোট ভাই ও বন্ধুকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইশতিয়াক রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাঁর বাড়ি উপজেলার তেঁথুলিয়া মাউদপাড়া গ্রামে। বাবার নাম হাসান আলী। নিহত ইশতিয়াকের চাচাতো ভাই জহুরুল ইসলাম বলেন, কয়েক দিন আগে ইশতিয়াক নতুন মোটরসাইকেল কেনেন। সকালে ছোট ভাই দোলন আলী ও বন্ধু সজল আলীকে নিয়ে বেড়াতে বের হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়ানী-বাঘা সড়কের বাজুবাঘা নতুনপাড়া এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ইশতিয়াক মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। বাঘা থানার ওসি আবুল খায়ের বলেন, পরিবারের কোনো দাবি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।