
রানা প্লাজা ধসে ডান পায়ে আঘাত পেয়েছিলেন বীনা। ভবনধসের কিছুক্ষণ পরই উদ্ধার হন তিনি। এরপর দুই দফায় হাসপাতালে থেকেও তাঁর পা হাঁটার উপযোগী হয়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ধানমন্ডিতে অবস্থিত এই হাসপাতালের উদ্যোগে ৭ জুন সাভারে একটি চিকিৎসা ক্যাম্প করার সময় বীনাকে দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। একইভাবে আহত হওয়ার পর অসম্পূর্ণ চিকিৎসা নিয়ে অসুস্থ অবস্থাতেই বাড়িতে পড়ে ছিলেন সালমা, নূরজাহান ও শুভ। এই তিনজনকেও গতকাল এই হাসপাতালে আনা হয়েছে।
জাপান বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন সালমা বলেন, ধসের পর মেরুদণ্ডে আঘাত পেয়ে তিনি এনাম হাসপাতালে তিন দিন ভর্তি ছিলেন। এরপর বাড়ি ফিরে যান। কিন্তু তখনো বিছানা থেকে উঠতে পারছিলেন না। এরপর স্থানীয় একটি ক্লিনিকে গেলে চিকিৎসক তাঁকে এমআরআইসহ কয়েকটি পরীক্ষা করাতে বলেন। কিন্তু সেই পরীক্ষার টাকা না থাকায় তিনি এই কয়দিন বাড়িতেই বিছানায় পড়ে ছিলেন। পরে জাপান বাংলাদেশ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন। শুভর ডান হাতের ক্ষত হাড়ে পর্যন্ত সংক্রমিত হয়েছে।

শুভ জানান, প্রথমে এনাম হাসপাতালে দুই সপ্তাহ ছিলেন। এরপর পঙ্গু হাসপাতালে এক মাসের মতো ছিলেন। তবু তাঁর হাত ভালো হয়নি। বীনা জানান, এনাম হাসপাতালে পাঁচ দিন থাকার পর তাঁকে পঙ্গু হাসপাতালে

স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত তিনি পঙ্গু হাসপাতালে ছিলেন। এরপর তাঁকে হাসপাতাল থেকে বলা হয়, তিন মাস বাড়িতে থাকলেই তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু বাড়ি ফেরার পর থেকে তাঁর ডান পা সরু হয়ে যেতে থাকে। তিনি হাঁটতে পারেন না।
নূরজাহান বলেন, আহত হওয়ার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিন দিন পরে পায়ে ব্যথা নিয়ে তিনি রাবেয়া ক্লিনিকে ভর্তি হন। সেখানে তিন দিন থেকে তিনি বাড়ি চলে যান। এরপর আবারও পায়ে ব্যথা হলে পাঁচ দিন পরে এনাম হাসপাতালে গিয়ে ভর্তি হন। সেখানে চার দিন ছিলেন। কিন্তু তাঁর পা হাঁটার উপযোগী হয়নি।

জাপান বাংলাদেশ হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ৭ জুন সাভারের অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে হাসপাতালের পক্ষ থেকে ক্যাম্প করা হয়। সেই ক্যাম্পে তাঁরা যত রোগী দেখেছেন, তাতে মনে হয়েছে অন্তত ১০০ রোগীর এখনই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রয়োজন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে গতকাল তাঁরা চারজনকে নিয়ে এসেছেন। আরও রোগী ভর্তি করা হবে।