বাড়ি হেলে পড়া নিয়ে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরে তাজমহল রোডে অবস্থিত লাল রঙের চারতলা বাড়িটি পাশের ছয়তলা বাড়ির গায়ে হেলে পড়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা l ছবি: প্রথম আলো
মোহাম্মদপুরে তাজমহল রোডে অবস্থিত লাল রঙের চারতলা বাড়িটি পাশের ছয়তলা বাড়ির গায়ে হেলে পড়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা l ছবি: প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডে একটি চারতলা বাড়ি হেলে পড়ার আতঙ্কে এর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার বাড়িটি রাজউক সিলগালা করে দিয়েছে।
এলাকাবাসী জানান, তাজমহল রোডের সি ব্লকের ১৯/৪ নম্বর প্লটের বাড়িটি পাশের ছয়তলা আরেকটি বাড়ির পাশে হেলে পড়েছে। তবে বাড়িটি আদৌ হেলে পড়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিস এবং রাজউকের কর্মকর্তারা। তাঁরা জানান, সিলগালা করে দেওয়ার পর বাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হবে। এরপরই হেলে পড়ার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ঝুঁকি এড়াতে ওই বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ওই বাড়ির বাসিন্দারা জানান, গত সোমবার ভূমিকম্পের সময় বাড়িটি হেলে পড়তে পারে। তবে গতকাল শনিবার হেলে পড়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের কর্মকর্তা সজীব সরকার ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল বেলা ২টা ২০ মিনিটে বাড়িটি হেলে পড়ার খবর পান। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন বাড়িটির একটি অংশ পাশের একটি বাড়ির সঙ্গে লেগে আছে। পরে ওই বাড়ির বাসিন্দাদের তাঁরা সরে যেতে বলেছেন।
সরেজমিনে দেখা গেছে, পুরোনো চারতলা বড়িটির চতুর্থ তলাটি চার পাশে পাকা দেয়ালের ওপরে টিনের ছাউনি দেওয়া। এর সামনের অংশ পাশের একটি ছয়তলা বাড়ির চারতলার বারান্দার সঙ্গে লেগে আছে। তবে সেখানে কোনো ফাটলের চিহ্ন দেখা যায়নি।
বাড়িটির চতুর্থ তলার বাসিন্দা রুমা বলেন, এখানে ২৫-৩০টি পরিবার বাস করে। গতকালই বাড়িটি হেলে পড়েছে কি না তাঁরা জানেন না। তাঁদের ধারণা ভূমিকম্প যে দিন হলো, সেদিনই বাড়িটি পাশের বাড়ির ওপর হেলে পড়তে পারে। গতকাল দুপুরে হেলে পড়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে।
জানা গেছে, বাড়ির মালিক সৈয়দ মোহাম্মদ ইউনুস মারা গেছেন। তিনি বেঁচে থাকতে প্রায় ৩০ বছর আগে তিনতলা পর্যন্ত নির্মাণ করেন। তাঁর ছেলেরা বছর কয়েক আগে তিনতলার ছাদের ওপর টিনের ছাউনি দিয়ে আরও ১০টি ঘর তৈরি করেন। পুরো ভবনের ৩০টি কক্ষ স্বল্প আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়া হয়েছে। প্রতিটি কক্ষের ভাড়া প্রায় পাঁচ হাজার টাকা।
বাড়ির মালিকের এক পুত্রবধূ আঞ্জুমান আরা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাড়িটি ভাড়া দিয়ে মাগুরা জেলায় গ্রামের বাড়িতে তাঁরা বসবাস করেন। এই বাড়ির অনুমোদিত নকশা রয়েছে বলে তিনি দাবি করেন।
ওই বাড়ির পাশের বাড়ির মালিক ওবায়েদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাড়িটি তৈরি হওয়ার পর থেকেই আমি এমন দেখে আসছি। সম্প্রতি ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। এ জন্য হয়তো কেউ গুজব ছড়িয়েছে। বাড়িটির চারতলার একাংশ আমার বাড়ির সঙ্গে লেগে আছে। হেলে পড়লে পুরো এক পাশই হেলে পড়ত।’
গতকাল বিকেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার আশরাফুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা বাড়িটি পরিদর্শন করেন। আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাসিন্দাদের সরিয়ে দিয়ে এটি সিলগালা করা হয়েছে। বাড়িটি আদৌ হেলে পড়েছে কি না, হেলে পড়লে সেটি কখন ঘটেছে বা এর ভেতরে ফাটল ধরেছে কি না, তা বলা যাচ্ছে না। বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে ভবনটি পরীক্ষা করানো হবে। বুয়েটের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।