বাড়িওয়ালাকে হত্যা করে মালামাল লুট
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ি ভাড়া নেওয়ার পর গত বুধবার রাতে বাড়িওয়ালাকে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। উপজেলার পূর্ব বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ১৪-১৫ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি ছেলে ও একটি মেয়ে ওই গ্রামের স্বপ্না রহমানের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। এর চার-পাঁচ দিন পর আরও দুই ব্যক্তি ওই ভাড়া বাসায় আসে। বুধবার ওই ভাড়াটেরা স্বপ্না রহমান ও তাঁর ছেলে শায়ন শেখকে (১৩) দাওয়াত করে খাওয়ায়। এরপর রাতে তারা স্বপ্নার ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। সকালে শায়ন চেতনা ফিরে পায়। এ সময় সে তার মাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে চিৎকার দেয়। পরে এলাকাবাসী এসে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে স্বপ্নার লাশ উদ্ধার করে। স্বপ্না রহমান ওই গ্রামের সৌদিপ্রবাসী মফিজুর রহমান শেখের স্ত্রী।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, প্রথমে দুর্বৃত্তরা স্বপ্না ও তার ছেলেকে চেতনানাশক দ্রব্য মিশ্রিত খাবার খাওয়ায়। কিন্তু অচেতন না হওয়ায় স্বপ্নাকে তারা হত্যা করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।