বাড়িঘর পোড়ানোর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে হিন্দুদের বাড়িঘরে আগুন
বরিশালে হিন্দুদের বাড়িঘরে আগুন

বরিশালের চর কাউয়ায় হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনার চার দিনের মাথায় রোববার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ক্ষতিগ্রস্ত দেবরঞ্জন হালদার। তবে পুলিশ দাবি করেছে, জিডি নয়, এটিকে মামলা হিসেবে নেওয়া হয়েছে। এটিকে ধরেই ঘটনার তদন্ত করা হবে।
জিডিতে লুটপাটের কথা বলা হয়নি। সুনির্দিষ্ট করে কারও বিরুদ্ধে অভিযোগও করা হয়নি। ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ব্যক্তিরা বলছেন, তাঁরা কারও সঙ্গে বিবাদে জড়াতে চান না। তাই জিডিতে কারও নাম দেননি।
দেবরঞ্জন হালদার প্রথম আলোকে বলেন, ‘মুসলমানরা আমাগো শত্রু না, হ্যাগো নামে কেস দিমু ক্যা। আমাগো শত্রু তো ওরা (পাভেল দাস ও সোহাগ দাসের নানার বাড়ির দিকে আঙুল দেখিয়ে)। অগো লইগ্যা আমাগো অ্যাতো বড় সর্বনাশ অইছে। আমাগো তো অ্যাহানোর মুসলমানদের লগে বসবাস করতে হইবে।’
সোহাগ দাস ও পাভেল দাস মাস ছয়েক আগে কালীখোলা গ্রামে নানার বাড়িতে থেকে বরিশালে পড়তে আসেন। তাঁরা মূলত বৃহস্পতিবার পাভেল গাজীকে মারধর করলে ঘটনার সূত্রপাত। ওই ঘটনায় পারভেজ গাজী খুন হন। এর পরদিন আগুন দেওয়া হয় ১৫টি হিন্দু পরিবারের বাড়িঘরে।
সোহাগ দাস ও পাভেল দাসের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোহাম্মদ মোহসীন প্রথম আলোকে বলেন, ‘কালীখোলা গ্রামে ঘটনার পর তাঁরা (দুই ভাই) বাড়িতে আসেননি। তাঁদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।’
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেবরঞ্জন হালদার একটি মামলা করেছেন। মামলায় সুনির্দিষ্ট করে কারও নাম না থাকলেও আমরা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করব।’
ওসি আরও বলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় নতুন করে মিরাজ হোসেন (১৮) নামের একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া পারভেজ গাজীকে হত্যার ঘটনায় আদালতে দায়ের করা মামলার কপি আমরা পেয়েছি। আমরা ওই ঘটনারও তদন্ত শুরু করেছি।’
নিহত পারভেজ গাজীর বাবা সেলিম গাজী বলেন, পৃথিবীর কোনো কিছু দিয়েই তিনি তাঁর ছেলেকে ফিরে পাবেন না। এখন তিনি শুধু তাঁর ছেলের খুনের ঘটনার বিচার চান। গত রোববার তিনি আদালতে মামলা করেন।
গতকাল দুপুরে কালীখোলা গ্রামে গিয়ে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া ঘরবাড়িগুলো ঘিরে এখনো আহাজারি চলছে। সংখ্যালঘু পরিবারগুলো জানিয়েছে, এখনো তাদের আতঙ্ক কাটেনি। উদ্বাস্তুর মতো জীবন কাটাতে হচ্ছে তাদের।
সর্বস্ব হারানো চিত্তরঞ্জন হালদার ও পূর্ণিমা রানী জানান, গত রোববারও প্রতিবেশীর বাড়িতে রাত কাটিয়েছেন। আক্ষেপ করে তাঁরা বলেন, কয়েক বান্ডিল টিন সাহায্য পেয়েছেন। সেগুলো দিয়ে তো আর বাড়ি হবে না। একটা ঘর বানাতে ১০-১২ লাখ টাকা লাগে। সেই টাকা কোথা থেকে আসবে?
বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন নিজ ভিটায় ফিরতে পারে এবং দ্রুত বাড়িঘর তুলতে পারে সে জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, বিক্ষিপ্তভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য দিতে যাচ্ছেন। এটি সমন্বয় করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ১৪ দলের নেতারা নিহত কলেজছাত্র পারভেজ গাজীর বাড়িতে যান। স্বজনদের সান্ত্বনা দেন তাঁরা। পরে তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু বাড়িগুলো পরিদর্শন করেন এবং পরিবারগুলোকে পাঁচ হাজার টাকা করে সহায়তা দেন।