বাড়িঘরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীর সদর উপজেলার টুপামারী, লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে শান্তি ও নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন বিভিন্ন প্রগতিশীল সংগঠনসহ সুধী সমাজের প্রতিনিধিরা।
নীলফামারী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খোকা রাম রায় জানান, ২০১৩ সালের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার রাতে জেলা সদরের পলাশবাড়ি ও লক্ষ্মীচাপ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এরপর শুধু টুপামারী, লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ১৫টি বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর রাতে টুপামারী ইউনিয়নের দাউদ গ্রামে দুষ্কৃতকারীর দেওয়া আগুনে সাতটি পরিবারের ২৪ ঘরসহ সর্বস্ব পুড়ে যায়।
এসব ঘটনায় থানায় একাধিক অভিযোগ করা হয়েছে। এসব ঘটনার ফলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক খোকা রাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, টিআইবি সনাকের সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।