বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ক্ষুর দিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে ক্ষুর দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে৷ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷
আহত ছাত্রীর বাবা বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন পাশের উপজেলার বেহেত্তরী গ্রামের বাদল মিয়া (২২)৷ ঘটনাটি পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে জানানো হয়৷ পরে বাদল ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন৷ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাদল মেয়েটির ক্ষতি করবেন বলে হুমকি দেন৷ এর পর থেকে ভয়ে মেয়েটি বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দেয়৷
মেয়েটির ভাই বলেন, শনিবার রাত নয়টার দিকে বাদল সবার অলক্ষ্যে বাড়িতে ঢুকে ক্ষুর দিয়ে তাঁর বোনকে এলোপাতাড়ি পোঁচ দিয়ে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ পরে চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
ঘটনার পর বাদলের পরিবারের সদস্যরাও পলাতক রয়েছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত সহচিকিৎসা কর্মকর্তা কামরুজ্জামান খান বলেন, মেয়েটির কোমরের নিচে পেছনে দুই পাশে এবং সামনে এক পাশে কয়েকটি করে পোঁচ দেওয়া হয়েছে৷ ক্ষতগুলো গভীর৷ শল্যচিকিৎসা (সার্জারি) ছাড়া ক্ষতস্থান ঠিক করা সম্ভব নয়৷