বাড়িতে বাড়িতে পাঙাশ চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোনা পানির কারণে এত দিন পুকুরটি ছিল পরিত্যক্ত। এখন সেখানেই পাঙাশ চাষ করে দিন ফিরিয়েছেন কলাপাড়ার গোড়া আমখোলা গ্রামের আলেয়া বেগম l ছবি: প্রথম আলো
লোনা পানির কারণে এত দিন পুকুরটি ছিল পরিত্যক্ত। এখন সেখানেই পাঙাশ চাষ করে দিন ফিরিয়েছেন কলাপাড়ার গোড়া আমখোলা গ্রামের আলেয়া বেগম l ছবি: প্রথম আলো

মিঠা পানির মাছ পাঙাশ। অন্য মাছের তুলনায় দাম কিছুটা কম হওয়ায় এর চাহিদা ব্যাপক। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্যচাহিদা পূরণে উপকূলীয় দুটি জেলায় লোনা পানিতে পরীক্ষামূলকভাবে এই মাছের চাষ শুরু হয়েছে। শুরুতেই এসেছে সাফল্য। চাষিদের মুখে ফুটেছে হাসি।
পরীক্ষামূলক চাষে দেখা গেছে, লোনা পানিতে উৎপাদিত পাঙাশ সাধারণভাবে চাষ করা পাঙাশ থেকে ভালো। এই পানির মাছ দুর্গন্ধমুক্ত ও সুস্বাদু হয়। উপকূলীয় এসব পুকুরে জোয়ার-ভাটার পানি ওঠানামার কারণে মাছে দুর্গন্ধ হয় না। এ ছাড়া লোনা পানিতে মাছের বৃদ্ধিও মিঠা পানির প্রায় সমান। এ সাফল্যে উপকূলের অনেকেই এখন লোনা পানিতে পাঙাশ চাষের দিকে ঝুঁকছেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. লোকমান আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই প্রকল্প পরিচালনা করেন। মাছ চাষে তাঁদের পরামর্শ দিয়ে সহায়তা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুল ওহাব ও যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রাসেল বরস্কি। পরীক্ষামূলক এই চাষে অর্থায়ন করেছে উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অ্যাকোয়াফিশ ইনোভেশন ল্যাব। এ ছাড়া মাঠপর্যায়ে সহযোগিতা করেছে ওয়ার্ল্ড ফিশ নামের অপর একটি উন্নয়ন সংস্থা।
লোকমান আলী জানান, সাগর ও তৎসংলগ্ন নদ-নদীর লবণাক্ত পানির সঙ্গে মিঠা পানির মিশ্রণ ঘটিয়ে ১০ থেকে ১২ পিপিটি (সাগরের পানিতে লবণাক্ততা পরিমাপের একক) মাত্রার লোনা পানিতে পাঙাশ চাষ করে তাঁরা সাফল্য পেয়েছেন। তিনি বলেন, বর্তমানে দেশে বছরে তিন লাখ টন পাঙাশ উৎপাদিত হচ্ছে। উপকূলীয় এলাকায় এই পদ্ধতিতে পাঙাশ চাষ করা গেলে প্রায় ছয় লাখ টন উৎপাদন সম্ভব হবে। লোকমান আলী আরও বলেন, মিঠা পানির পাঙাশ এডওয়ারসিলা টারডা নামের একধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। এতে মাছের গায়ে লাল দাগ হয়। এতে মাছ মরে উৎপাদন কমে যায়। কিন্তু লোনা পানির পাঙাশে এ ধরনের কোনো রোগ হয় না। কারণ, লোনা পানিতে এ রোগের জীবাণু জন্মাতে পারে না।
২০১৪ সালের ১৬ মে থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৬০ দিনব্যাপী পটুয়াখালীর কলাপাড়া, বরগুনার আমতলী ও কুয়াকাটার বিভিন্ন এলাকার ১৮টি পুকুরে পরীক্ষামূলকভাবে পাঙাশ চাষ শুরু হয়। এসব পুকুরের তিন ধরনের লবণাক্ততায় (শূন্য থেকে দশমিক ৫, ৫ থেকে ৭ এবং ১০ থেকে ১২ পিপিটি) পাঙাশ মাছের বাঁচা ও বাড়া যাচাই করা হয়। পরে পুকুরগুলো প্রয়োজনীয় সার ও চুন দিয়ে প্রস্তুত করে পোনা ছাড়া হয়।

পুকুর মাছ চাষের উপযোগী কি না, তা  পরীক্ষা করছেন গবেষক মো. লোকমান  আলী l প্রথম আলো
পুকুর মাছ চাষের উপযোগী কি না, তা পরীক্ষা করছেন গবেষক মো. লোকমান আলী l প্রথম আলো

কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের গোড়া আমখোলা গ্রামের রুহুল আমিন মাছ শিকার করেই সংসার চালান। সাগরে মাছ না পেলে তাঁর সংসারে নেমে আসে চরম অভাব-অনটন। গত বছর ওয়ার্ল্ড ফিশের মাঠকর্মীদের কাছ থেকে খবর পেয়ে তিনি বাড়ির সামনে পতিত পুকুরে শুরু করেন পাঙাশ চাষ।
সম্প্রতি রুহুল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী আলেয়া বেগম পুকুরে মাছের জন্য খাবার ফেলছেন। আলেয়া বলেন, তাঁদের ৬ শতাংশ আয়তনের পুকুরটি লোনার পানির কারণে পরিত্যক্ত থাকত। কিন্তু এখন সেই পুকুরেই পাঙাশ মাছ ছোটাছুটি করছে। সংসারেও এসেছে সচ্ছলতা।
আলেয়া জানান, গত বছরের মে মাসে তাঁরা পাঙাশ চাষ শুরু করেন। তখন উন্নয়ন সংস্থার কাছ থেকে পুকুর প্রস্তুত বাবদ ৮০০ টাকা সহায়তা পান। মাছের খাবার পান ছয় বস্তা। চুন ও সার দিয়ে পুকুর প্রস্তুত করে সেখানে ৪৮০টি পোনা ছাড়েন। প্রতি সপ্তাহে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে পুকুর ও মাছ দেখে যেতেন এবং নানা পরামর্শ দিতেন। চার মাস পর নভেম্বরে পুকুর থেকে ৫০টি পাঙাশ তুলে বাজারে পাঁচ হাজার টাকায় বিক্রি করেছেন। এখনো পুকুরে প্রায় ৪০০টি পাঙাশ রয়েছে।
ওয়ার্ল্ড ফিশ অ্যাকোয়াকালচার ফর ইনকাম অ্যান্ড নিউট্রিশন (এআইএন) প্রকল্পের মাঠকর্মী আসাদুজ্জামান বলেন, এমনিতে উপকূলীয় এলাকার পুকুরগুলোতে নদীর লোনা পানি ঢুকে লবণাক্ততা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে পানিতে সেই লবণাক্ততা আরও বাড়ছে। এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে দরিদ্র পরিবারগুলোকে লোনা পানিতে পাঙাশ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি জানান, কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের আরও ৫০টির মতো পুকুর পাঙাশ চাষের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অনেকে নিজেদের উদ্যোগে পাঙাশ চাষের জন্য পরামর্শ নিচ্ছেন।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, পটুয়াখালী জেলায় ১ লাখ ৩৫ হাজার ৩৪৮টি পুকুর বা দিঘি রয়েছে। এর ১৬ হাজার ১০টি পরিত্যক্ত। এসব পুকুর পাঙাশ চাষের আওতায় আনতে ওই সংস্থাগুলো যে উদ্যোগ নিয়েছে তা ভালো। এতে মাছের উৎপাদন বাড়বে। গরিব পরিবারগুলোও হবে স্বাবলম্বী।