বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন সংস্করের দাবি

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর সংস্কার ও আইনটি বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় ভাড়াটিয়া পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় দুই কোটি লোকের বসবাস এই ঢাকা নগরে। এর মধ্যে মাত্র ১৩ শতাংশ লোক বাড়ির মালিক। তাঁরা নানা অজুহাতে অযৌক্তিকভাবে বাড়িভাড়া বাড়াচ্ছেন। সরকার এঁদের নিয়ন্ত্রণ না করলে বাকি লোকদের পক্ষে ঢাকায় বসবাস করা কঠিন হয়ে পড়বে।
বক্তারা জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ বিষয়ে ২০১০ সালে এইচআরপিবি নামের একটি সংগঠন হাইকোর্টে একটি রিট আবেদন করেছিল। এ বছরের ১ জুলাই হাইকোর্ট যুগোপযোগী কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা দিয়েছেন। ছয় মাসের মধ্যে তা কার্যকর করতে বলা হয়েছে।
সংসদে সংরক্ষিত আসনে ভাড়াটিয়া পরিষদের প্রতিনিধি রাখার দাবিসহ পাঁচটি দাবি জানায় সংগঠনটি। এগুলো হলো: এলাকাভিত্তিক বাড়িভাড়ার হার নির্ধারণ, ভাড়াটিয়াদের সঙ্গে মালিকদের বাধ্যতামূলক চুক্তিপত্র করা, বাড়িভাড়া আইন বাস্তবায়নের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করা, অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং বাড়িভাড়া ব্যবসায় ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করে ১০ শতাংশ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা প্রভৃতি।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মুক্তার হোসেন খান, সাধারণ সম্পাদক মীর মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মাহমুদ ইয়াছিন প্রমুখ।