বাড়িভাড়া নিয়ন্ত্রণসহ ঢাকাকে বাসযোগ্য করার দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা এবং ঢাকাকে সবার জন্য বাসযোগ্য করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, তিলোত্তমা ঢাকা বসবাসের অনুপযোগী একটি নগরে পরিণত হয়েছে। ঢাকাকে শুধু ধনী ও বড়লোকের জন্য বারিধারা ও গুলশানে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যারা ঢাকা নগরে প্রাণসঞ্চার করে, তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। নিয়ন্ত্রণহীন বাড়িভাড়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অতিষ্ঠ ও আতঙ্কিত। অন্যদিকে যানজট মানুষের জীবনের গতিকে থামিয়ে দিচ্ছে। কথায় কথায় বাড়িভাড়া বাড়ানো, মাসে মাসে গাড়িভাড়া বাড়ানো, নোটিশ ছাড়া হকার উচ্ছেদ ইত্যাদি ঢাকার জনজীবনে অসহনীয় প্রভাব ফেলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম। বক্তব্য দেন সিপিবির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক, পল্টন থানার সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, শাখার নেতা গৌরাঙ্গ লাল মল্লিক, নারায়ণ চক্রবর্তী প্রমুখ।
সমাবেশে জানানো হয়, ঢাকার সংকট নিরসনে ২৯ জানুয়ারি বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে দৈনিক বাংলা-পল্টন টাওয়ার-বিজয়নগর হয়ে মুক্তি ভবনে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি।