বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপনের দাবি
নতুন বছরে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভাড়াটিয়া পরিষদ এই দাবি জানায়।
ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বলেন, ঢাকা শহরে ৭৭৫টি এলাকায় সিটি করপোরেশনের ভাড়ার রেট রয়েছে। ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এ বলা হয়েছে বাড়িভাড়া বাড়াতে হলে রেন্ট কন্ট্রোলের অনুমতি নিতে হবে। বাড়িভাড়ার টাকা নেওয়ার সময় রসিদ দিতে হবে। এগুলো কোনো কিছুই করা হয় না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, আইনে এক মাসের বেশি জামানত না নেওয়ার কথাও উল্লেখ করা আছে। কিন্তু এগুলোর কোনো কিছুই করা হয় না। প্রতিবছর জানুয়ারি মাসে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়। বাড়িওয়ালারা গ্যাস, বিদ্যুত্, পানির বিল বাড়ালেও ভাড়া বাড়ায় বলে অভিযোগ করেন তাঁরা।
ভাড়াটিয়া পরিষদ ঢাকার চারপাশে যেসব সরকারি জায়গা আছে, সেখানে গণকলোনি করে ভাড়াটিয়াদের আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।
এসব দাবি পূরণে আগামী ১০ নভেম্বর প্রেসক্লাবের সামনে গণ-অবস্থান ও জানুয়ারিতে রাজপথ অবরোধ করার কর্মসূচি দিয়েছেন তাঁরা।