বাড়ির উঠোনে অজগর!

বাড়ির উঠোনে প্রতিদিনের মতোই খেলাধুলা করছিল শিশুরা। বড়রাও যার যার কাজে ব্যস্ত। কিন্তু হঠাৎ চিৎকার চেঁচামেচি। অনেকেই ভয়ে ছুটেছেন। আবার অনেকে উৎসুক হয়ে জড়ো হয়েছেন। কেননা উঠোনে থাকা মোরগের খাঁচার কাছে ঘোরাফেরা করছিল আস্ত এক অজগর সাপ।
আজ মঙ্গলবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকার বাসিন্দা ব্যবসায়ী বদরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বদরুল ইসলাম বলেন, সকাল সাতটার দিকে উঠোনে থাকা মোরগের খাঁচার পাশে অজগরটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। মোরগ সাবাড়ের আগেই সাপটিকে দেখতে পান পরিবারের লোকজন। এ সময় তাঁদের চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। তাঁরা এটিকে ধরে ফেলেন। পরে খবর দেওয়া হলে বেলা তিনটার দিকে বন বিভাগের লোকজন এসে সাপটিকে নিয়ে যান।
বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বলরাম রায় বিকেল চারটার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। এটিকে লাঠিটিলা সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ‘বনে আগের মতো বন্য প্রাণীদের খাবার নেই। তাই খাবারের সন্ধানে আশপাশের কোনো বন থেকে অজগরটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’