বাড়ির ভেতরে বিস্ফোরণ, দম্পতি আহত
নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় এক বাড়িতে বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁরা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত স্বামীর নাম আবুল কালাম ও তাঁর স্ত্রীর নাম লিজা। বিস্ফোরণে লিজার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ঘটনার পর তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকায় আবুল কালামের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়িটির রান্নাঘর বাদে অন্যান্য ঘরের ক্ষতি হয়।
এলাকাবাসীর ভাষ্য, বিস্ফোরণের সময় রান্নাঘরের জানালা খোলা ছিল। ওই ঘরের কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণের পর বের হয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীর হাতে একটি টিফিন ক্যারিয়ারও দেখতে পেয়েছেন তাঁরা।
আবুল কালাম নিজেকে দিনমজুর ও লিজা নিজেকে পোশাকশ্রমিক পরিচয় দিয়ে এক বছর আগে বাড়িটি ভাড়া নেন। আবুল কালামের বাড়ি বরিশাল জেলার হিজলা এবং লিজার বাড়ি একই জেলার মুলাদি গ্রামে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের ভাষ্য, বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। প্রথমে আমরা গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে ধারণা করলেও এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।