বাড়ির মালিক ও ভাড়াটেদের সম্পর্কে তথ্য নিচ্ছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার বাসিন্দাদের সম্পর্কে তথ্য জানতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে স্থানীয় থানার মাধ্যমে বাসা-বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে নির্ধারিত ফরম। এক মাস ধরে বাসা-বাড়ি ও মেসে ১০ লাখ ফরম বিতরণ করা হয়েছে। পূরণ হয়ে ফিরে এসেছে ২ লাখ ফরম।
পুলিশ কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি, অপরাধীরা বাসা-বাড়ি ও মেস ভাড়া নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে বা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাড়িওয়ালাদের কাছ থেকে ভাড়াটের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এতে কোনো ঘটনার রহস্য সহজে উদ্ঘাটন করা যায় না। এ জন্য বাড়ির মালিক, মেস ও ভাড়াটের সম্পর্কে বিস্তারিত তথ্য ডিএমপিকে জানাতে সবার কাছে ফরম বিতরণ করা হচ্ছে। এতে সাড়া পাওয়া গেলেও কেউ কেউ হয়রানির আশঙ্কা করে তা আবার অনুসরণ করতে চান না।
ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে বাসা-বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় তা প্রতিরোধে বাড়ির মালিক ও ভাড়াটের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নিতে ডিএমপি উদ্যোগ নিয়েছে। পুলিশের কাছে নগরবাসীর তথ্য থাকলে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করা যেমন সহজ হয়, তেমনি বাড়ির মালিকেরা আইনি ঝামেলা থেকেও মুক্ত থাকতে পারবেন। তিনি বলেন, পর্যায়ক্রমে রাজধানীর বাসিন্দাদের সবার কাছে এই ফরম পৌঁছে দিয়ে তা পূরণ করে আনার ব্যবস্থা করা হবে। এভাবেই নগরবাসীর তথ্যভান্ডার গড়বে ডিএমপি।
ডিএমপির সূত্র বলেছে, গত এক মাসে ডিএমপির ৪৯টি থানা থেকে ১০ লাখ ফরম রাজধানীর বাড়ির মালিক ও ভাড়াটেদের কাছে পাঠানো হয়। তথ্য ছক পূরণের পর থানাগুলোতে জমা পড়েছে ২ লাখ। বাকি ফরম পূরণ করিয়ে থানায় আনতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তৎপর আছেন। পুলিশ কর্মকর্তারা বলেন, এ ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটেদের সাড়া পাওয়া যাচ্ছে। পুলিশের এ উদ্যোগের ফলে বাসাবাড়িতে সন্ত্রাসীদের অবস্থান কমে যাবে বলে জানান ডিএমপির কর্মকর্তারা।
ডিএমপির সদর দপ্তর সূত্র বলেছে, সাম্প্রতিক সময়ে বাসা ভাড়া নিয়ে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার পর ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া নগরবাসীর কাছ থেকে তথ্য নেওয়ার সিদ্ধান্ত নেন। দুই মাস ধরে তিনি সব বিভাগের উপকমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে একাধিক বৈঠক করে বাসা-বাড়ি, বিশেষ করে যেসব বাড়িতে ব্যাচেলর বা মেস ভাড়া দেওয়া হয়, সেখানকার বাসিন্দাদের তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন। ভাড়াটেদের মধ্যে বিদেশি নাগরিক থাকলে তাঁদের তালিকা ও তথ্য আলাদা ফাইলে সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়। বৈঠকে কোচিং সেন্টার, ছাত্রাবাস, বস্তি, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল-রেস্ট হাউস, হাসপাতাল, ক্লিনিক ও ছাপাখানার অগ্রাধিকার ভিত্তিতে তথ্য সংগ্রহ ও পরিদর্শন করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
রাজধানীর গাবতলীর তল্লাশিচৌকিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মাসুদ রানার তথ্যের ভিত্তিতে পুলিশ ২৩ অক্টোবর কামরাঙ্গীরচর এলাকার একটি মেস থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম এবং হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করে। ওই মেসে গ্রেনেড ও বোমা মজুত রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল তাঁদের।
গত ২৬ মার্চ রাজধানীর দক্ষিণখানের কসাইবাজার এলাকার একটি বাসায় মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে আর্জেস গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্রসহ জেএমবির চার সদস্যকে আটক করে র্যা ব। তাঁরা রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ধরাবাহিকতায় ছদ্মনামে দক্ষিণখানের ওই বাসা ভাড়া নিয়ে অস্ত্র ও বিস্ফোরক মজুত করছিলেন।
যাত্রাবাড়ী থানার বাসিন্দা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, থানা থেকে তাঁকে ও তাঁর ভাড়াটেদের ফরম দিয়ে গেছে। এগুলো পূরণ করে তিনি দু-এক দিনের মধ্যে থানায় জমা দিয়েছেন। তিনি বলেন, এটা পুলিশের ভালো উদ্যোগ।