বগুড়ার শেরপুরে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর কুঠিরভিটা গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত এবং পরে ওই বাড়িটি থেকে বোমা, পিস্তল ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গত সোমবার রাতে বাড়ির মালিক ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পরদিন ৪ এপ্রিল বাড়িটিতে অভিযান চালিয়ে ২০টি হাতে তৈরি গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি মামলা করা হয়। বাড়ির মালিক মাহবুবুর রহমান (৬৯) ও তাঁর মেয়ে সুমাইয়া আখতারকে (২৬) ওই তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের (শেরপুর) আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বাড়ির মালিকের সঙ্গে নিহত ব্যক্তিদের আগে যোগাযোগ ছিল বলে পুলিশের কাছে প্রাথমিক তথ্য রয়েছে। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
৩ এপ্রিল রাতে শেরপুরের গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর কুঠিরভিটা এলাকার ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই ব্যক্তি নিহত হন। তাঁদের একজনকে পরিবারের সদস্যরা তরিকুল ইসলাম হিসেবে শনাক্ত করেন। বাড়ি সিরাজগঞ্জ সদরে। নিহত অপরজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে আছে।
পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, নিহত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য এবং ওই বাড়িটি বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো।
শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, ওই বিস্ফোরণের ঘটনায় থানা-পুলিশসহ জেলা ও পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।