বাড়ির সীমানা নিয়ে বিরোধে কলেজছাত্রী মারধরের শিকার
ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এক কলেজছাত্রী প্রতিপক্ষের মারধরের শিকার হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমেপ্লক্সে গতকাল শুক্রবার সকালে গিয়ে কথা হয় আহত মেয়েটির সঙ্গে। সে জানায়, তাদের বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী ঈমান হোসেন, তারা মিয়া ও অন্যদের সঙ্গে বিরোধ চলছে। তাদের পরিবারের পুরুষ সদস্যরা চাকরিসূত্রে দেশের বিভিন্ন স্থানে থাকেন। সে বাড়িতে মায়ের সঙ্গে থেকে স্থানীয় খুররম খান চৌধুরী কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছে। বাড়িতে পুরুষ লোক না থাকায় প্রতিপক্ষরা তার গায়ে হাত তোলার সাহস করেছে।
মেয়েটির মা (৪৫) জানান, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে প্রতিবেশী ঈমান হোসেন ও তারা মিয়া কুড়ালের উল্টো অংশ দিয়ে তাঁর মেয়েকে প্রচণ্ড মারেন। তিনি চেষ্টা করেও তাঁদের ফেরাতে পারেননি।
কমপ্লেক্সের চিকিৎসক এ এফ এম আজিমুস সাদাত বলেন, ছাত্রীটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচণ্ড আঘাতের কারণে মেয়েটির শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে এলাকায় গিয়ে অভিযুক্ত ঈমান হোসেন ও তারা মিয়াকে পাওয়া যায়নি।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, পুলিশ পাঠিয়ে ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে।