বাড্ডা থেকে উদ্ধার হওয়া লাশটি র্যাব সোর্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার জগন্নাথপুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। গতকাল শুক্রবার জগন্নাথপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশটি তাঁর ছেলে আমিনুল ইসলাম ওরফে বুদুর বলে শনাক্ত করেন।আমিনুল জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত থাকার পাশপাশি র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন।আমিনুলের বাবা আবুল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, গতকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে তিনি মর্গে গিয়ে আমিনুলের লাশ শনাক্ত করেন। আমিনুল তাঁর সঙ্গে জগন্নাথপুরে শহীদ আবদুল আজিজ সড়কের একটি ভাড়া বাসায় থাকতেন। গত বুধবার রাতে আমিনুল একটি মেসে থাকার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে যাননি। আবুল হোসেন জানান, নিখোঁজ হওয়ার পর আমিনুলের মুঠোফোন বন্ধ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, তিন মাসে আগে একটি হত্যা মামলার আসামি সাইফুলকে র্যাব-১-এর কাছে ধরিয়ে দিয়েছিলেন আমিনুল। এর জের ধরে সাইফুলের সহযোগীরা অপহরণ করে আমিনুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। আমিনুলের স্ত্রীর নাম রোকসানা বেগম। তাঁরা নিঃসন্তান। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ জগন্নাথপুরের ২৩/ক শহীদ আবদুল আজিজ সড়কের ওমর ফারুকের বাড়ির একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত হিসেবে আমিনুলের লাশ উদ্ধার করে।