বাড্ডা থেকে নারী অপহরণের অভিযোগ, আবদুল্লাহপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে আয়েশা আক্তার (১৯) নামের এক নারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই নারীকে আবদুল্লাহপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই নারী স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে বাড্ডা থানায় একটি মামলা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে আয়েশা বলেন, তিনি পরিবারের সঙ্গে বাড্ডার বড় বেড়াইত এলাকায় থাকেন। সকাল নয়টার দিকে তিনি ও তাঁর বড় বোন মোছাম্মত্ কুলসুম বাসা থেকে বের হন। এ সময় রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন ও মো. রিয়াদ ও আজ্ঞাত এক যুবকসহ স্থানীয় চার যুবক কুলসুমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। পরে তাঁকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে সমশেরনগর তিতাশাল এলাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ট্রলারযোগে তাঁকে নিয়ে যাওয়া হয় আবদুল্লাহপুরে। ট্রলার থেকে আবদুল্লাহপুরে নামার পর তাঁকে একটি বাসে ওঠানোর চেষ্টা করেন ওই যুবকেরা। কিন্তু তিনি ট্রাফিক পুলিশ দেখে ‘বাঁচাও’ বলে চিত্কার দেন। তখন পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করলেও দৌড়ে পালিয়ে যান ওই যুবকেরা।

মামলায় ওই চার যুবককে আসামি করা হয়েছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে মামলার এজাহারে উল্লেখ থাকা আয়েশার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বাড্ডা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, ‘মামলার কাগজ সবেমাত্র হাতে পেয়েছি। ঘটনার তদন্ত করব।’