বাড্ডায় ছাদের রেলিং ধসে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনের ছাদে খেলতে থাকা শিশুদের ওপর পাশের আরেকটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। আজ শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মুসাব্বির হোসেন (৮)। আহত অপর দুই শিশু হলো সামিয়া সুলতানা (১১) ও তরিকুল ইসলাম (৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামিয়া নিহত মুসাব্বিরের বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন শিশুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তখন কর্তব্যরত চিকিত্সক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহত মুসাব্বিরের মা শিল্পী বেগম সাংবাদিকদের বলেন, তিনি স্বামী-সন্তান নিয়ে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকায় একটি টিনশেডের বাসায় থাকেন। এর পাশেই আহত তরিকুলদের এক তলার বাসা। বিকেলে তাঁর দুই সন্তান মুসাব্বির ও সামিয়া তরিকুলদের ওই বাসার ছাদে খেলতে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাত্ বাসার পাশে থাকা আরেকটি তিন তলার ছাদের রেলিং ভেঙে পড়ে তিনজনের ওপর।

তাদের চিত্কারে স্বজন ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ছাদের রেলিং ধসে পড়ার কারণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। 

পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত মুসাব্বির ও আহত তরিকুল স্থানীয় পৃথক দুটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। অপরদিকে সামিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।