বাড্ডায় আ. লীগ অফিসে আগুন দেওয়ার চেষ্টা, ২ শিবিরকর্মী আটক
রাজধানীর বাড্ডার সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের সামনে আজ ভোরে আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে গুলশান থানার পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শাহাবুদ্দিন (২২) ও মেহেদি (২৪)। তাঁদের গুলশান থানায় নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোর ছয়টার দিকে ১৫-২০ জনের একটি দল আওয়ামী লীগের স্থানীয় অফিসে আগুন দেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নজরে এলে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে তারা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবীর প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, আটক হওয়া ব্যক্তিরা জামায়াত-শিবিরের কর্মী। ইতিমধ্যে তাঁদের গুলশান থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজ ভোর পাঁচটার দিকে রাজধানীর তিতুমীর কলেজের সামনে যুবলীগ অফিসে আগুন লাগে। পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।